ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » “সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিএনপি কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী”

“সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিএনপি কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী”

নবপ্রকাশ ডেস্ক:

“এবারের দুর্গাপূজা বিএনপি সরকারের আমলের প্রথম পূজা। সরকার সব দিক দিয়ে পূজায় বিশেষ সুদৃষ্টি রাখছে। আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি, সবসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে নরসিংদীর মনোহরদীর চালাকচর ইউনিয়নের তামাককান্দা গ্রামে নিজ বাসভবনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এসব কথা বলেন।

অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে বর্তমান সরকারের অঙ্গীকার

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ অসাম্প্রদায়িক চিন্তাধারার একজন মানুষ। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশটাকে এক ছাতার নিচে সব ধর্মের মানুষের জন্য একটি শান্তিপূর্ণ ও নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতার পর এবারই সর্বোচ্চ সরকারি আর্থিক অনুদান দিয়ে শারদীয় দুর্গোৎসবে সহযোগিতা করা হয়েছে। এর পাশাপাশি পূজায় দুস্থ ও সহায়হীন মানুষের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দলীয় নেতাকর্মীদের ভূমিকা

পূজার সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখছে। এর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতাকর্মীরাও সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন।

বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে এবং মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায় এবং সাধারণ সম্পাদক সুকোমল মোধকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল তাঁর নিজস্ব তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার মোট ৮০টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের অর্থ তুলে দেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে