নবপ্রকাশ ডেস্ক:
জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) জেলা পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফারিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম জহিরুল ইসলাম, পুলিশ সুপার শেরপুর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক, আরিফা সিদ্দিকা, শেরপুর ডায়াবেটিকস সমিতির সভাপতি,রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা ও তাদের প্রতিভা বিকাশে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, শেরপুরের উদ্যোগে আয়োজন করা হয়।
