নিজস্ব প্রতিবেদক: শিশুদের নিরাপদ জীবন ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শিশুদের প্রতি সহিংসতা, মানসিক নির্যাতন, প্রযুক্তির অপব্যবহার এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শুক্রবার (১৫ মে ২০২৬) কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত “শিশুর নিরাপদ জীবন: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর তোপখানা রোডে অবস্থিত তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশুদের নানা ধরনের ঝুঁকি ও সহিংসতার মুখোমুখি হতে হচ্ছে। শিশুদের স্বাস্থ্যঝুঁকি, নিরাপত্তাহীনতা, মানসিক বিকাশের প্রতিবন্ধকতা, সামাজিক সুরক্ষার অভাব, প্রযুক্তির অপব্যবহার এবং পারিবারিক অবক্ষয়ের মতো বিষয়গুলো শিশুদের স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। শিশুদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে খেলাঘরের মতো সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।
সেমিনারে বিভিন্ন শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, শিশুসাহিত্যিক ও সংগঠক অংশ নেন। আলোচকরা শিশুদের জন্য নিরাপদ, মানবিক ও সৃজনশীল সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।
অনুষ্ঠান শেষে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
