নবপ্রকাশ ডেস্ক:
বাংলাদেশ রেলওয়েকে ধারাবাহিক লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার লক্ষ্যে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজ (ওয়াগন) বাড়ানোর দিকনির্দেশনা দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সাথে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক কার্গো এক্সপোর্টের (পণ্য রফতানি) মাধ্যমে রেলের রাজস্ব আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত কমিটির ১ম বৈঠকে এই নির্দেশনা ও সুপারিশ প্রদান করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার, এমপি।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটি সদস্য শেখ রবিউল আলম, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কমিটি সদস্য হাবিবুর রশিদ অংশ নেন। এ ছাড়া কমিটির সদস্য সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, মো. আবু সাইদ চাঁদ, মো. রবিউল আওয়াল, মু. মিজানুর রহমান, মুহাম্মদ আজীজুর রহমান এবং মো. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের বর্তমান সার্বিক কার্যক্রম সম্পর্কিত চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে রেল পরিদর্শন অধিদপ্তর এবং কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনাকালে বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান ডিজিটাল সেবার মান বৃদ্ধি, নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী অত্যাধুনিক লোকোমোটিভ (ইঞ্জিন) নির্মাণ ও বহরে যুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, দীর্ঘদিনের অভিশাপ ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে গৃহীত পদক্ষেপ এবং বহুল প্রতীক্ষিত পঞ্চগড়-কক্সবাজার প্রস্তাবিত রেল রুটের অগ্রগতি সম্পর্কিত নানাবিধ তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যবৃন্দের সাথে জাতীয় সংসদ সচিবালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপস্থিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সভাপতি তাঁর প্রারম্ভিক বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সাথে বৈঠকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ‘জুলাইযোদ্ধাদের’ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়।
উক্ত বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
