ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ‘বোলিং করা সবচেয়ে সহজ কার বিরুদ্ধে? উত্তর—পাকিস্তান!’

‘বোলিং করা সবচেয়ে সহজ কার বিরুদ্ধে? উত্তর—পাকিস্তান!’

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দুঃস্বপ্ন যেন থামছেই না। প্রথম টেস্টে ইনিংস ও ৫৩ রানে হারের পর লর্ডসে ঘুরে দাঁড়ানোর আশা ছিল পাকিস্তানের। দলে ফিরেছিলেন বাবর আজমও। কিন্তু নিয়মিত অধিনায়কের প্রত্যাবর্তনেও বদলাল না চিত্র।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। ব্যাটিংয়ের এমন করুণ দশার পর দলটিকে নিয়ে সরাসরি সমালোচনায় নেমেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।

বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ আলোচনায় পাকিস্তানকে দ্বিতীয় বিভাগ কাউন্টির দল বলেছেন ভন। তার মতে, পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ইংল্যান্ডের বোলারদের কোনো চ্যালেঞ্জই দিচ্ছে না। বরং উইকেট পাওয়ার আশায় ইংল্যান্ডের বোলাররা যেন একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন।

“সত্যি বলতে, ইংল্যান্ডের বোলারদের একটুও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না। অনেক দিন পর এমন সহজ ব্যাটিং লাইনআপ দেখছি, যার বিপক্ষে বল করতে নামলেই উইকেট পাওয়ার নিশ্চয়তা থাকে।”

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন ওপেনার আজান আওয়াইস। তবে দলের অন্য ব্যাটসম্যানরা ছিলেন চরম ব্যর্থ। বাবর আজম করেছেন ৮ রান। আবদুল্লাহ শফিক ৫, শান মাসুদ ১ এবং মোহাম্মদ রিজওয়ান ফেরেন ৭ রানে।

এই ব্যাটিং নিয়ে আরও কড়া মন্তব্য করেছেন ভন।

“তারা জানে পাকিস্তান বড় স্কোর করতে পারবে না। ফলে ৪০-৫০ ওভারের মধ্যে ইনিংস শেষ হয়ে যাবে। তাই প্রতিটি স্পেলে নিজেদের উজাড় করে দিচ্ছে বোলাররা। এমনকি জো রুটের কাছেও গিয়ে বলছে, ‘আমি আরেক ওভার করব?’ কারণ তারা জানে সামনে অনেক উইকেট আছে।”

পাকিস্তানের ব্যাটিংয়ের মান নিয়ে ভনের মন্তব্য আরও কঠিন।

“এটা কি দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেট? কোনোভাবেই মনে হয় না, এটি কোনো মানসম্পন্ন টেস্ট ব্যাটিং লাইনআপ।”

তবে ইংল্যান্ডের বোলারদেরও কৃতিত্ব দিয়েছেন ভন। তার মতে, সহজ সুযোগ পেলেও ইংল্যান্ডের বোলিং আক্রমণ দারুণ ছন্দে আছে। একইভাবে বল করতে পারলে শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধেও তারা বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারবে।

লর্ডস টেস্টে পাকিস্তানের বিপর্যয়ের আরেকটি কারণ ছিল চোট। প্রথম ইনিংসে ব্যাটই করতে পারেননি ওপেনার ইমাম-উল-হক। পায়ের চোটে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানেই রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। তাদের লিড এখন ২৬১ রানে। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিকদের হাতেই।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে