ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বুয়েটের সানির মৃত্যু: তদন্ত প্রতিবেদন ৬ অক্টোবর

বুয়েটের সানির মৃত্যু: তদন্ত প্রতিবেদন ৬ অক্টোবর

নবপ্রকাশ ডেস্ক: ঢাকার দোহারের মৈনট ঘাটে পদ্মা নদীতে ডুবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ৬ অক্টোবর ধার্য করেছেন আদালত।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমানের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে দোহার থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুনিয়া আক্তার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ জুলাই বিকেলে ১৫ থেকে ১৬ জনের একটি দল একসঙ্গে মৈনট ঘাটে পদ্মা নদীতে ঘুরতে যায়। সন্ধ্যার পর থেকে বুয়েট শিক্ষার্থী সানি নিখোঁজ হন। খবর পেয়ে দোহার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। পরদিন ১৫ জুলাই সকালে নদী থেকে সানির মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদনের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ওই দিন বিকেলেই সানির বড় ভাই হাসাদুজ্জামান বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, মো. রুবেল, মো. সজীব, মো. নুরুজ্জামান, মো. নাসির, মো. মারুফ, মো. আশরাফুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন লিটন, মো. নোমান, মো. জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মো. মারুফুল হক ও রোকনুজ্জামান ওরফে জিতু। আসামিরা বর্তমানে সবাই জামিনে রয়েছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে