ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বুমরাহকে নিয়ে সতর্কবার্তা শাস্ত্রীর: ‘খেলতে হবে বেছে বেছে’

বুমরাহকে নিয়ে সতর্কবার্তা শাস্ত্রীর: ‘খেলতে হবে বেছে বেছে’

স্পোর্টস ডেস্ক:

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতের পেস আক্রমণের প্রধান ধারক জাসপ্রিত বুমরাহকে সম্পূর্ণ ফিট দেখতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড ও ম্যানেজমেন্ট। আর সে লক্ষ্যেই বুমরাহকে তিন সংস্করণে একসাথে না খেলিয়ে টেস্ট ক্রিকেটে মূল মনোযোগ দেওয়া এবং সাদা বলের দুই সংস্করণে বেছে বেছে খেলাগুলোর পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী।

রবিবার ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাস্ত্রী স্পষ্ট জানান, ২০২৭ সালের বিশ্বমঞ্চের আগে বুমরাহর তিন ফরম্যাটেই নিয়মিত খেলে যাওয়া কোনো যৌক্তিক সিদ্ধান্ত হবে না। উল্লেখ্য, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া; যেখানে ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ক্রিকেটের এই মেগা আসর।

শাস্ত্রীর মতে, লাল বলের ক্রিকেটে ভারতের জন্য বুমরাহর উপস্থিতি অপরিহার্য। তাই টেস্টে তাঁকে নিয়মিত রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর ওপর থেকে কাজের চাপ (ওয়ার্কলোড) কমানো উচিত। তিনি বলেন, “আমি মনে করি না, আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁর নিয়মিত তিন সংস্করণেই খেলা উচিত। তাঁর টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বেছে বেছে ম্যাচ খেলা উচিত। প্রতিটি ম্যাচে তাঁর মাঠে নামার কোনো প্রয়োজন নেই।”

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সফলভাবে ভারতের কোচের দায়িত্ব সামলানো শাস্ত্রী আরও যোগ করেন, “আমি বরং তাকে বিশেষ করে টেস্ট ম্যাচের জন্য সতর্কতার সাথে সতেজ রাখতে চাই। ভারতীয় টেস্ট দলের জন্য সে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। তাই অন্য সংস্করণগুলোতে তাকে পরিস্থিতি বিবেচনায় বেছে বেছে ব্যবহার করা উচিত।”

উল্লেখ্য, পিঠের চোটের কারণে বুমরাহর ক্যারিয়ারে বারবার বড় বাধা এসেছে। চিকিৎসকদের পরামর্শে ২০২৩ সালে অস্ত্রোপচারও করাতে হয় ৩২ বছর বয়সী এই গতিদানবকে। এরপর গত আগস্টে বাঁ হাঁটুতে চোট পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে এশিয়ান গেমসের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরে দুর্দান্ত বোলিংয়ে ভারতকে স্বর্ণপদক জেতাতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি।

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে প্রত্যাশিতভাবেই ফিরেছেন বুমরাহ। তবে চোট সামলাতে আসন্ন নিউজিল্যান্ড সফরের পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজিল্যান্ড সিরিজের পরপরই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের দুটি ভিন্ন সিরিজ খেলবে ভারত। আর এর পরেই আগামী ফেব্রুয়ারিতে শেষ হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের হাইভোল্টেজ টেস্ট সিরিজ রয়েছে দলটির, যেখানে বুমরাহর সার্ভিস দলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে