ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষক পাচ্ছেন লাখ টাকার পুরস্কার: শিক্ষামন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষক পাচ্ছেন লাখ টাকার পুরস্কার: শিক্ষামন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক

শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের উপযুক্ত মর্যাদা ও কাজের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে আসন্ন ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে এক লাখ টাকা করে মোট ১ কোটি টাকা অনুদান ও বিশেষ সম্মাননা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

রবিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে উপস্থিত সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির মূল চালিকাশক্তি আমাদের শিক্ষক সমাজ। যারা মাঠপর্যায়ে চমৎকার কাজ করছেন, তাদের কাজের সঠিক স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং উৎসাহিত করাই আমাদের মূল উদ্দেশ্য। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে আমরা দেশের শিক্ষকদের এই অবদানকে স্মরণ ও সম্মানিত করতে চাই।”

তিনি আরও উল্লেখ করেন, সেরা শিক্ষক নির্বাচনের লক্ষ্যে বর্তমানে একটি সমন্বিত নীতিমালা চূড়ান্ত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগে কেবল ১২ জন শিক্ষককে ২ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দেওয়া হতো। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য সারা দেশের দক্ষ ও গুণী শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করা। সেই ধারাবাহিকতায় সরকার এবার এই পুরস্কার ও সম্মাননার পরিধি ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

শিক্ষকদের পেশাগত আচরণবিধির বিষয়ে আলোকপাত করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা তাঁদের সুশিক্ষিত ও মার্জিত আচরণ দিয়েই সমাজকে আলোকিত করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড রোধ এবং শিক্ষাব্যবস্থার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশিকা পর্যালোচনা করা হচ্ছে।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া পাওনার বিষয়ে মন্ত্রী জানান, ২০১৬ সাল থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত শিক্ষকদের নিজস্ব কন্ট্রিবিউশনের বকেয়া অংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রদেয় বাকি অনুদানের অর্থও পর্যায়ক্রমে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক জানান, নতুন পে স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ চলছে। সরকারি কর্মচারীরা যে হারে সুযোগ-সুবিধা পাবেন, শিক্ষকরাও একই অনুপাতে সুবিধা ভোগ করবেন।

জাতীয় স্টিয়ারিং কমিটির এই গুরুত্বপূর্ণ সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে