ভারতীয় র্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তারা।সোমবার (৩১ আগস্ট) নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন দুজন।
বিবৃতিতে বাদশাহ ও ইশা জানান, তারা পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি সম্পর্কটি নিয়ে আর কোনো জল্পনা বা অনুমান না করার অনুরোধও করেছেন।বাদশাহ ও ইশা রিখির সম্পর্ক বরাবরই ছিল আড়ালে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে এক পার্টিতে পারস্পরিক বন্ধুদের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে এবং তারা সম্পর্কে জড়ান। প্রায় চার বছর ধরে নিজেদের সম্পর্কটি গণমাধ্যমের নজরের বাইরে রাখেন তারা।
২০২৬ সালের মার্চে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত আয়োজনে বিয়ে করেন এই তারকা জুটি। বিয়ের পর ইশার মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করলে তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়ে। ছবিতে বাদশাহকে কুর্তা ও সাফায় এবং ইশাকে লাল বিয়ের পোশাকে দেখা যায়।
বিয়ের খবর প্রকাশের পরও বিষয়টি নিয়ে দীর্ঘদিন দুজনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জুলাইয়ে ইনস্টাগ্রামের ‘আস্ক মি এনিথিং’ সেশনে ইশা রিখি তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।একই সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি ছবি শেয়ার করেন।
এরপরই তাদের দাম্পত্য জীবন নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। ইশার একটি রহস্যময় ভিডিও পোস্ট সেই জল্পনাকে আরো উসকে দেয়।ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘প্রতিটি ঝড় একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনা একটি আশা।’ ইশার মায়ের কিছু রহস্যময় পোস্টও তখন আলোচনায় আসে।
তবে তাদের সম্পর্ক ভাঙার সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ্যে আসেনি। বিচ্ছেদের ঘোষণাতেও এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি বাদশাহ বা ইশা।
বিয়ের পাঁচ মাস পূর্ণ হওয়ার পরই বিচ্ছেদের ঘোষণা আসে। নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করা বিবৃতিতে তারা জানান, পারস্পরিক সম্মানের সঙ্গে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আরো বলেন, এ বিষয়ে এটিই তাদের একমাত্র বক্তব্য। তাই সম্পর্ক নিয়ে কোনো ধরনের জল্পনা বা অনুমান না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
ইশা রিখিকে বিয়ের আগে বাদশাহ জ্যাসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। ২০১২ সালে তাদের বিয়ে হয়। ২০২০ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। সাবেক এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে এবং তারা মেয়েকে যৌথভাবে বড় করছেন।
দ্বিতীয় বিয়েরও মাত্র পাঁচ মাসের মধ্যে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসায় বাদশাহ ও ইশা রিখির সম্পর্ক এখন ভারতীয় বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
