স্পোর্টস ডেস্ক:
ডান পা, বাম পা ও হেড—তিনভাবেই জালের ঠিকানা খুঁজে নিলেন অধিনায়ক রাফিনিয়া। শুধুই হ্যাটট্রিক নয়, ব্রাজিলিয়ান এই তারকা দেখালেন ‘পারফেক্ট হ্যাটট্রিক’-এর অসাধারণ ঝলক। আর অধিনায়কের এমন ঝলমলে নৈপুণ্যে সেভিয়াকে ৩-১ গোলে হারিয়ে লা লিগায় টানা সপ্তম জয়ের স্বাদ পেল বার্সেলোনা।
স্প্যানিশ লা লিগার ম্যাচে শনিবার রাতে ঘরের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। সেভিয়ার বিপক্ষে দলের তিনটি গোলই করেন রাফিনিয়া।
মাত্র তিন দিন আগে রেসিং সান্তান্দারকে ৭-২ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে চলতি মৌসুমে লিগে সাত ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ১২টিতে, পাশাপাশি রয়েছে ৩টি অ্যাসিস্ট।
রেসিংয়ের বিরুদ্ধে জোড়া গোল করা লামিন ইয়ামাল এদিন সেভিয়ার বিপক্ষে নিজে গোল না পেলেও রাফিনিয়াকে দিয়ে করিয়েছেন দুটি গোল। এর মাধ্যমে বার্সেলোনার জার্সি গায়ে ইয়ামালের মোট অ্যাসিস্ট সংখ্যা গিয়ে দাঁড়াল ৫১টিতে। লা লিগায় কনিষ্ঠতম ফুটবলার (১৯ বছর ৬৮ দিন) হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর আগে ২০২২-২৩ মৌসুমে ২২ বছর ২৯৮ দিন বয়সে ৫০টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচজুড়ে দাপট দেখালেও ম্যাচের ১৯তম মিনিটে প্রথম গোল হজম করে বসে বার্সেলোনাই। সেভিয়ার হয়ে প্রথম গোলটি করেন ইউসুফ ফোফানা। তবে সেভিয়ার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঠিক তিন মিনিট পর (২২ মিনিটে) ক্রিশ্চেনসেনের সহযোগিতায় গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান রাফিনিয়া। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ৫২তম মিনিটে ইয়ামালের দারুণ এক ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে নেন রাফিনিয়া। আর ৬৯তম মিনিটে আবারও ইয়ামালের পাস থেকে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে পারফেক্ট হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি।
এই জয়ে লা লিগায় চলতি মৌসুমে সাত ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল বার্সেলোনা। এই সাত ম্যাচে তারা মোট ৩১টি গোল করেছে। অন্যদিকে, বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।
