ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বরিশালে অবৈধ বালু তোলায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

বরিশালে অবৈধ বালু তোলায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

নবপ্রকাশ ডেস্ক:

বরিশালে আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড এবং বরিশাল সদর উপজেলা প্রশাসন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড মালিকদের কাছ থেকে সর্বমোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর পয়েন্টে যৌথ অভিযান শুরু করা হয়। কোস্ট গার্ড স্টেশন বরিশাল ও বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের যৌথ টিম এতে অংশ নেয়।

অভিযান পরিচালনাকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেড হাতেনাতে আটক ও জব্দ করা হয়। তবে আড়িয়াল খাঁ নদীতে কোস্ট গার্ড ও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা আঁধারের সুযোগে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অভিযান শেষে ঘটনাস্থলেই বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতের বিচারিক নির্দেশে অবৈধ বালু উত্তোলনে ব্যবহূত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের থেকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অর্থদণ্ড পরিশোধের পর ভবিষ্যতে নদী থেকে অবৈধভাবে বালু তুলবে না মর্মে লিখিত মুচলেকা নিয়ে নৌযানগুলো ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, নদী থেকে অনিয়ন্ত্রিত ও অবৈধ বালু উত্তোলনের কারণে আড়িয়াল খাঁ নদী ভাঙনের ঝুঁকি তৈরি হয় এবং তীরবর্তী উপকূলীয় এলাকার মানুষের বসতভিটা ও আবাদি ফসলি জমি নদীতে বিলীন হওয়ার শঙ্কা দেখা দেয়। নদীভাঙন থেকে উপকূলবাসীর জীবন ও সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এই ধরনের জিরো টলারেন্স অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে