নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপন দেওয়ানের পদত্যাগের প্রতিবাদ এবং তাকে পুনরায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছেন ঢাকায় বসবাসরত পার্বত্যবাসীরা। আগামী ৩ জুন বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, নারী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই মানববন্ধন ও সংহতি সমাবেশে অংশগ্রহণ করবেন। আয়োজকদের দাবি, পার্বত্য চট্টগ্রামের জনগণের আশা-আকাঙ্ক্ষা, অধিকার, উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সামাজিক কল্যাণে অ্যাডভোকেট দীপন দেওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রীর পদত্যাগ এবং তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার ঘটনায় পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংগঠকদের মতে, পার্বত্য চট্টগ্রামের জনগণের স্বার্থ সংরক্ষণ, উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে অ্যাডভোকেট দীপন দেওয়ানকে পুনরায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা জরুরি।
তারা আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দীপন দেওয়ানের বিকল্প নেই এবং পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও জনগণের কল্যাণে তার অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রয়োজন রয়েছে।
মানববন্ধন ও সংহতি সমাবেশের মাধ্যমে দেশের সামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রার নেতৃত্বদানকারী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তারা আবেদন জানাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, পার্বত্য চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে অ্যাডভোকেট দীপন দেওয়ানকে তার পূর্ব দায়িত্বে পুনর্বহাল করা হোক।
আয়োজকরা মানববন্ধনে অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, পেশাজীবী, নারী-পুরুষ, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
