ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পাঁচ দশক ধরে সুরের মোহে: তপন চৌধুরী

পাঁচ দশক ধরে সুরের মোহে: তপন চৌধুরী

বিনোদন ডেস্ক:

বাংলা গানের ভুবনে অবিস্মরণীয় ও আবেগঘন কণ্ঠের অধিকারী বরেণ্য সংগীতশিল্পী তপন চৌধুরী পূর্ণ করেছেন তাঁর সংগীতসাধনার সুদীর্ঘ ৫০ বছর। ১৯৭৩ সালে সংগীত জগতে যাত্রা শুরু করে পাঁচ দশকের এই দীর্ঘ পথচলায় যিনি নিজের অনন্য গায়কি, দরদমাখা কণ্ঠ ও কালজয়ী অসংখ্য গানের মাধ্যমে কোটি কোটি শ্রোতার হৃদয়ে স্থায়ী আসন তৈরি করে নিয়েছেন।

সংগীতজীবনের এই বর্ণাঢ্য ‘সুবর্ণজয়ন্তী’ উদযাপনে এবার প্রবাসী এই গুণী শিল্পীকে ঘিরে নেওয়া হয়েছে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষ আয়োজন। তপন চৌধুরীর ৫০ বছরের সংগীতযাত্রার প্রথম পর্ব আগামী ১২ ডিসেম্বর ২০২৬ কানাডার টরন্টোতে ‘তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছরের পথচলা উৎসব’ শিরোনামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে।

যৌথ আয়োজনে ‘রূপতনু’ ও ‘টরন্টো ঢাকা ক্লাব’

রূপতনু মিউজিক একাডেমি এবং টরন্টো ঢাকা ক্লাবের যৌথ উদ্যোগে কানাডায় আয়োজিত হচ্ছে এই ঐতিহাসিক উৎসব। দীর্ঘ ক্যারিয়ারের এমন সোনালী মাইলফলক উদযাপনে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করে দেশবরেণ্য এই শিল্পী বলেন, “দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারে ভক্ত-শ্রোতাদের অন্তহীন ভালোবাসা এবং গুণীজনদের আশীর্বাদই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাবের স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই সুবর্ণজয়ন্তী উৎসব বাস্তবে রূপ নিচ্ছে। আয়োজক ও নেপথ্যের সব শুভানুধ্যায়ীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আয়োজক সূত্রে জানা গেছে, কানাডার টরন্টোর পর্বটি সফলভাবে সম্পন্ন করার পর প্রবাসের পাশাপাশি বাংলাদেশের মাটিতেও তাঁর সংগীতজীবনের সুবর্ণজয়ন্তী উদযাপনের বড় ধরনের পরিকল্পনা রয়েছে।

স্মৃতিতে ৪০ বছর পূর্তির সেই বর্ণাঢ্য সন্ধ্যা

সংগীতজীবনের বর্ষপূর্তি উদযাপনের স্মৃতিচারণ করতে গিয়ে তপন চৌধুরী স্মরণ করেন ২০১৭ সালের ৭ জানুয়ারি ঢাকা ক্লাবে আয়োজিত তাঁর ৪০ বছর পূর্তির বর্ণাঢ্য অনুষ্ঠানের কথা। সেদিন রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, প্রয়াত সুরকার আলাউদ্দিন আলী এবং প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর মতো সংগীতাঙ্গনের প্রথিতযশা নক্ষত্ররা উপস্থিত থেকে তাঁকে সম্মানিত করেছিলেন।

শিল্পী আবেগপ্লুত হয়ে বলেন, “সেদিন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার দীর্ঘ সময় উপস্থিত থাকা এবং সহকর্মীদের ভালোবাসা আমাকে গভীরভাবে আপ্লুত করেছিল। একজন শিল্পীর কাছে এই শ্রদ্ধা ও ভালোবাসাই সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা।”

টরন্টোর মঞ্চে পরিবেশিত হবে কালজয়ী ১৫টি গান

টরন্টোর এই বিশেষ সন্ধ্যায় প্রবাসী শ্রোতা-দর্শকদের জন্য তপন চৌধুরী সরাসরি পরিবেশন করবেন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় ১৫টিরও বেশি চিরসবুজ গান। তালিকায় রয়েছে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এ এমন পরিচয়’, ‘দিন কি রাতে’, ‘কান্দো কেনে মন’, ‘কত কাঁদলাম’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’ এবং ‘আমি সবকিছু ছাড়তে পারি’-র মতো শ্রোতানন্দিত সব সৃষ্টি।

সংগীতবোদ্ধাদের মতে, তপন চৌধুরীর এই সুবর্ণজয়ন্তী কেবল একজন শিল্পীর ব্যক্তিগত অর্জন উদযাপন নয়; বরং এটি বাংলা আধুনিক ও ব্যান্ড সংগীতের পাঁচ দশকের এক সোনালী ইতিহাসকে নতুন করে উদ্‌যাপনের অনন্য উপলক্ষ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে