ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও বিচারহীনতা নিয়ে এবি পার্টির উদ্বেগ

নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও বিচারহীনতা নিয়ে এবি পার্টির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একইসঙ্গে বিচারহীনতা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছে দলটি।

রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু-এর আহ্বানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর রামিসার বাসায় গিয়ে সমবেদনা জানানোর ঘটনায় দল কৃতজ্ঞতা প্রকাশ করছে। তবে দেশব্যাপী ক্ষোভ ও প্রতিবাদ থেমে না যাওয়ার পেছনে বিচারহীনতার সংস্কৃতিকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “রাষ্ট্রে বিচারহীনতার যে কাঠামোগত সংস্কৃতি গড়ে উঠেছে, তাতে সাধারণ মানুষ আর কোনো প্রতিশ্রুতির ওপর আস্থা রাখতে পারছে না। ধর্ষণ, হত্যা, মাদক ও চাঁদাবাজি—এসব অপরাধ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। রাষ্ট্র যদি এই অপরাধচক্রের রাজনৈতিক ও সামাজিক ভিত্তিকে আমলে না নেয়, তাহলে নতুন নতুন ‘রামিসা’র জন্ম হতে থাকবে দেশের বিভিন্ন প্রান্তে।”

তিনি আরও বলেন, বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা তৈরি হলে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে উদ্বুদ্ধ হতে পারে। ইতোমধ্যে খুলনা, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন স্থানে এ ধরনের উদ্বেগজনক ঘটনার নজির দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী-এর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবি পার্টির পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য কখনোই হামলা, রক্তাক্ত আক্রমণ কিংবা গণতান্ত্রিক কণ্ঠরোধের পর্যায়ে যেতে পারে না। এ ধরনের সহিংস রাজনৈতিক সংস্কৃতিই অতীতে দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে।

এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতি পারস্পরিক সহনশীলতা, ভদ্রতা ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “মতপার্থক্যের কারণে গায়ে হাত তোলা কোনো সভ্য সমাজে চলতে পারে না। ভিন্নমত সহ্য করতে না পারা রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। বিরোধী দলের কাজই হচ্ছে সরকারের সমালোচনা করা, সেটি গ্রহণ করার মানসিকতা সরকারের থাকতে হবে।”

ঈদযাত্রাকে কেন্দ্র করে নিরাপদ সড়ক ও গণপরিবহন ব্যবস্থা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করে দলটি। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিবছরের মতো এবারও কোটি কোটি মানুষ ঈদে বাড়ি ফিরবেন। কিন্তু কার্যকর ও নিরাপদ পরিবহন ব্যবস্থার অভাবে প্রতিবছর শত শত মানুষ প্রাণ হারান এবং আহত হন হাজার হাজার। স্বাধীনতার পাঁচ দশক পরও একটি নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় সরকারের প্রতি প্রশ্ন তুলেছে দলটি।

একইসঙ্গে কোরবানির পশুর হাট, জবাই প্রক্রিয়া ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের দাবিও পুনর্ব্যক্ত করা হয়। এবি পার্টির নেতারা বলেন, প্রতি বছর কোরবানির মৌসুমে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর কার্যত অস্থায়ী পশুর হাট ও দুর্গন্ধময় বর্জ্যভূমিতে পরিণত হয়। পরিকল্পনাহীন পশু জবাই ও বর্জ্য অপসারণ ব্যবস্থার অভাবে পরিবেশ দূষণ, জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

দলটির পক্ষ থেকে বলা হয়, ইসলামের পবিত্রতা, সৌন্দর্য ও পরিচ্ছন্নতার চেতনাকে ধারণ করে আধুনিক, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব কোরবানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার ও সিটি করপোরেশনগুলোর কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা ও শাহাদাতুল্লাহ টুটুল, শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সহ-সাংগঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, সিলেট মহানগর সদস্য সচিব রেজাউল করিম শোয়েব, নারী নেত্রী জাহানারা আক্তার মনি, কেন্দ্রীয় নেতা সাব্বির আহমেদ তানিম, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মিয়া সুলতান আরিফ এবং বরিশাল জেলার নেতা জাকির হোসাইন।

জে আই আর

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে