বিনোদন ডেস্ক
গাজা যুদ্ধ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’কে ঘিরে ইসরায়েলে বিতর্ক আরও জোরালো হয়েছে। সিনেমাটির পরিচালক র্যাচেল তজুর বাবা-মায়ের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন কয়েক ডজন ইসরায়েলি উগ্র ডানপন্থি কর্মী। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্য ইসরায়েলের সাভিয়ন শহরে এ বিক্ষোভ হয় বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
বিক্ষোভকারীরা র্যাচেল তজু ও তার সহপরিচালক ইউভাল আব্রাহামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘বিশ্বাসঘাতকদের মৃত্যুদণ্ড চাই’ স্লোগানও ছিল। ওয়ালা নিউজ জানিয়েছে, কয়েকজন বিক্ষোভকারী নির্মাতাদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের বিশ্ববাসীর সামনে হত্যাকারী হিসেবে তুলে ধরার অভিযোগ করেন।
অস্কারজয়ী নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল তজুর ‘নাজা’ তথ্যচিত্রে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সময়কার বিভিন্ন ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনা ও সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের সাক্ষ্য তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে।
‘নাজা’ নামটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা ব্যবস্থায় ব্যবহৃত একটি সংক্ষিপ্ত রূপ থেকে নেওয়া হয়েছে বলে নির্মাতারা জানিয়েছেন। এর মাধ্যমে কোনো হামলায় সম্ভাব্য বেসামরিক হতাহতের সংখ্যা বোঝানো হয় বলে চলচ্চিত্রটির নির্মাতাদের বক্তব্য।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আনাদোলু জানিয়েছে, বিক্ষোভের আয়োজক ও অংশগ্রহণকারীদের অনেকে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বাধীন জিউশ পাওয়ার পার্টির সঙ্গে যুক্ত। বিক্ষোভের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু বার্তায় সহিংসতার আহ্বানও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে চলচ্চিত্রটি নিয়ে ইসরায়েলের সরকারি পর্যায়েও সমালোচনা দেখা দিয়েছে। সংস্কৃতিমন্ত্রী মিকি জোহার নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। একই সময়ে ইসরায়েলের দুই শতাধিক চলচ্চিত্রকর্মী নির্মাতাদের সমর্থনে আবেদনেও স্বাক্ষর করেছেন।
ফলে ভেনিসে পুরস্কার পাওয়ার পর ‘নাজা’ শুধু আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেই নয়, ইসরায়েলের অভ্যন্তরেও তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
