ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » নতুন বাজেট নিয়ে ‘স্মার্ট এডুকেশন ইকোসিস্টেম’ গড়তে চায় সরকার

নতুন বাজেট নিয়ে ‘স্মার্ট এডুকেশন ইকোসিস্টেম’ গড়তে চায় সরকার

নতুন বাজেট নিয়ে ‘স্মার্ট এডুকেশন ইকোসিস্টেম’ গড়তে চায় সরকার

‘সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যা হবে যুগোপযোগী, ক্যারিয়ারমুখী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। স্মার্ট এডুকেশন সিস্টেম ওভারনাইট আসে না। আমরা এখন পুরো ‘স্মার্ট এডুকেশন ইকোসিস্টেম’ তৈরির কাজ করছি।’ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে গত সোমবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আসন্ন বাজেটে তাই বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা চলছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দাবি করেছেন, এবার শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে প্রায় ২৩ হাজার কোটি টাকা অতিরিক্ত অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভবিষ্যতে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বরাদ্দ বৃদ্ধির লক্ষ্যে কাজ করার আশ্বাস দিয়েছেন।’
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার লক্ষ্যে আগামী অর্থবছরের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে শিক্ষা গবেষণার মান উন্নয়নে গবেষণা খাতে ২৪১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে বই মুদ্রণ, বাঁধাই ও বিতরণ কার্যক্রমের জন্য এক হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষণ পদ্ধতির সঙ্গে শিক্ষকদের অভিযোজনের বিষয়েও।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য প্রায় ১৪ লাখ ট্যাব সরবরাহের একটি বড় প্রকল্প হাতে নেওয়ার চিন্তা করছে সরকার। প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হলে ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়িত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকার শিক্ষাকে শুধু পরীক্ষাকেন্দ্রিক বা পাঠ্যবইনির্ভর কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। শ্রেণিকক্ষে ডিজিটাল কনটেন্ট ব্যবহার, ইন্টারঅ্যাকটিভ লার্নিং টুলস এবং উন্নত সংযোগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়গুলোও বাজেটে অগ্রাধিকার পাচ্ছে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ থেকে শুরু করে প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ নির্মাণ, শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু, বিনামূল্যে ইউনিফর্ম-স্কুলব্যাগ বিতরণ এবং শিক্ষা অবকাঠামোর আধুনিকায়ন– সব মিলিয়ে দেশের শিক্ষা খাতকে দীর্ঘ মেয়াদে নতুন কাঠামোয় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাজেটে শিক্ষা খাতে প্রায় এক লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ পাওয়া যেতে পারে। আগামী বছরগুলোতে এই বরাদ্দ আরও বাড়বে বলে আমরা বিশ্বাস করি।’ তিনি জানান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য প্রায় ১৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন সরকার আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবে।

শিক্ষামন্ত্রী দাবি করেন, অতীতের বাজেট উপস্থাপনায় শিক্ষা ও প্রযুক্তি খাতের আওতায় বিভিন্ন প্রকল্প যুক্ত করে বরাদ্দের হিসাব দেখানো হয়েছিল। তাঁর ভাষায়, ‘এবার আর কোনো বিভ্রান্তির সুযোগ থাকবে না। শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হচ্ছে, তা সরাসরি শিক্ষার উন্নয়ন ও মানবসম্পদ গঠনের জন্যই ব্যয় হবে।’
নতুন বাজেট শিক্ষাখাতে আশানুরূপ সাফল্য বয়ে আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে