ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এমআরএর নিন্দা ও প্রতিবাদ

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এমআরএর নিন্দা ও প্রতিবাদ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অনুষ্ঠিত জামায়াতের বিক্ষোভ কর্মসূচি চলাকালে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। ২৩ জুন মঙ্গলবার বিকাল ৫ টায় রাজধানীর শাহবাগ মোড়ে জাদুঘরের সামনে এক মানববন্ধনে এ সকল বিষয় তুলে ধরেন সংগঠনের সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ। সংগঠনটি এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) এমআরএর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বরে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। এলোপাতাড়ি হামলা ও মারধরের ঘটনায় একাধিক সাংবাদিক আহত হয়েছেন। ঘটনার সময় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং তার সঙ্গে থাকা ক্যামেরাপার্সনের ওপর আক্রমণের চেষ্টা চালানো হয়। একই ঘটনায় দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন।

এমআরএ মনে করে, সংবাদ সংগ্রহের মতো একটি গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীন কার্যক্রমের জন্য হুমকিস্বরূপ। সাংবাদিকরা রাষ্ট্র, সমাজ ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন হিসেবে কাজ করেন। ফলে তাদের ওপর হামলা মানে জনগণের তথ্য জানার সাংবিধানিক ও মৌলিক অধিকারের ওপরও আঘাত হানা।

বিবৃতিতে ”এমআরএ-এর সভাপতি ফখরুল ইসলাম বলেন, “সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা বারবার হামলার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের যেকোনো রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ, মিছিল কিংবা জনসমাগমের সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। সেখানে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। কোনো রাজনৈতিক মতাদর্শ বা সংগঠনের নামে সাংবাদিকদের ওপর হামলা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।”

এমআরএর সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, “দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং তাদের নেতাকর্মীদের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতাপূর্ণ মনোভাব প্রদর্শন করা উচিত। সংবাদ সংগ্রহে বাধা দেওয়া, ক্যামেরা ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন কিংবা শারীরিক হামলা সভ্য ও গণতান্ত্রিক সমাজের সঙ্গে সাংঘর্ষিক। আমরা আহত সাংবাদিকদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের হামলার প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।”

এমআরএ তার বিবৃতিতে উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও জনসমাবেশে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও বাধা দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে স্বাধীন সাংবাদিকতা চর্চা ব্যাহত হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হবে।

সংগঠনটি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংবাদ সংগ্রহের পরিবেশ নির্বিঘ্ন রাখতে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধামুক্ত পরিস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

এমআরএ নেতৃবৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো অবস্থাতেই পেশাগত দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের শারীরিক নির্যাতন, ভয়ভীতি বা হামলার শিকার হতে দেওয়া যায় না। ধানমন্ডি ৩২-এর এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

সাংবাদিক সমাজের পক্ষ থেকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সংবাদমাধ্যমকর্মীদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা এবং তথ্য সংগ্রহের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জোরালোভাবে উত্থাপিত হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে