নবপ্রকাশ ডেস্ক: দীর্ঘ ছুটির পর আগামীকাল রোববার (৭ জুন ২০২৬) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শুরু হবে শ্রেণিকার্যক্রম। দুই সপ্তাহের বেশি সময় পর শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ ১৬ দিনের ছুটি উপভোগ করেছে ।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে (২১ মে, বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হয়, ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি ছিল) থেকে ছুটি শুরু হয় এসব প্রতিষ্ঠানে। নির্ধারিত ছুটি শেষ হয় গত বৃহস্পতিবার (৪ জুন ২০২৬)। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলো খুলছে ৭ জুন , রোববার । এতে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পেয়েছে।
এদিকে মাদ্রাসার শিক্ষার্থীরা আরও দীর্ঘ ছুটি উপভোগ করছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোয় ২৪ মে শুরু হওয়া এ ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি পেল।
দীর্ঘ ছুটি শেষে ক্লাসে ফেরার কারণে আগামীকাল থেকে আবারও শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
