মোঃ আকরাম হোসেন, গাজীপুর: শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে প্রশাসন। প্রশাসনের আশ্বাসের পর আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর শিক্ষার্থীরা।
রোববার (৯ আগস্ট) শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়। এ সময় শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়াসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন।
শিক্ষার্থীরা জানান, প্রশাসনের আশ্বাসে তারা আপাতত আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে প্রতিশ্রুত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে—এমন প্রত্যাশা তাদের।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং শিক্ষার্থীদের মধ্যে আস্থা আরও বাড়বে।
