ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ‘তুমি এখন বাংলাদেশে নেই’— মিরাজকে কেন এই সতর্কবার্তা দিলেন স্টার্ক?

‘তুমি এখন বাংলাদেশে নেই’— মিরাজকে কেন এই সতর্কবার্তা দিলেন স্টার্ক?

ডারউইনের বাইশ গজে তখন অজি পেসারদের ধৈর্যের কঠিন পরীক্ষা নিচ্ছেন বাংলাদেশি ব্যাটাররা। মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডদের আগুনে বোলিংয়ের সামনে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলে স্বাগতিকদের বোলিং আক্রমণকে রীতিমতো মলিন করে দিচ্ছিল বাংলাদেশ। তাতেই হতাশ হয়ে কি না কে জানে, হঠাৎ মেজাজ হারালেন স্টার্ক। মেহেদী হাসান মিরাজের সঙ্গে অজি তারকা পেসারের একদফা বাকবিতণ্ডাও দেখা গেল।

স্টার্কের ওভারের একটি রান নেওয়ার সময় পিচের মাঝখানের সুরক্ষিত অংশ বা ‘প্রটেক্টেড এরিয়া’ দিয়ে দৌড়ে যাওয়ার কারণে তৈরি হয় এই উত্তেজনা।

ঘটনা স্টার্কের ২১তম এবং ইনিংসের ১০৩তম ওভারে। পয়েন্টের দিকে বল ঠেলে দ্রুত একটি রান নেওয়ার চেষ্টা করেন মিরাজ। তবে স্টার্কের ফলো-থ্রু ও রান নেওয়ার লাইন একই হওয়ায় দিক পরিবর্তন করে পিচের ঠিক মাঝমাঝিতে চলে আসেন বাংলাদেশি এই ব্যাটার। তাৎক্ষণিকভাবে আম্পায়ার কুমার ধর্মসেনা এগিয়ে এসে মিরাজকে সতর্ক করেন।

নিজের সাফাই গেয়ে মিরাজ আম্পায়ারকে জানান যে বলের দিকে মনোযোগ থাকায় তিনি স্টার্ককে দেখতে পাননি। কিন্তু এই ব্যাখ্যায় বেজায় চটে যান অজি পেসার। স্টার্ক সরাসরি আঙুল উঁচিয়ে মিরাজকে বলে ওঠেন, ‘এটা আমার ফলো-থ্রু, তোমার নয়। উইকেট থেকে সরে যাও।’

এরপর স্টার্ক বোলিং মার্কের দিকে হেঁটে যাওয়ার সময় আরও বলেন, ‘তুমি এখন আর বাংলাদেশে নেই, বুঝলে?’

সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক ও ধারাভাষ্যকার রিকি পন্টিং অবশ্য মিরাজের পক্ষেই মত দিয়ে বলেছেন যে ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না। পন্টিং বলেন, ‘আমার মনে হয় না এটা সে ইচ্ছাকৃত করেছে। যখন সে ওপরে তাকাল, তখন স্টার্ক তার সামনে চলে এসেছিল এবং সে বাধ্য হয়েই ফাস্ট বোলারের পাশ দিয়ে পিচের মাঝখান দিয়ে গেছে।’

ডারউইন টেস্টে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। মাঠের এই উত্তাপের বাইরেও দ্বিতীয় দিনজুড়ে পুরোপুরি নিজেদের আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করেছে নাজমুল হোসেন শান্তর দল। স্বাগতিক অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ এখন ১৫৩ রানে এগিয়ে রয়েছে এবং হাতে আছে ৪টি উইকেট।

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা ২৫ বছর বয়সী ওপেনার তানজিদ হাসান তামিম দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে গড়েছেন ইতিহাস। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার এখন তিনিই। ১৮৮ বলে ৮টি চার ও একটি বিশাল ছক্কায় ১০১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তানজিদ। এছাড়া অধিনায়ক শান্তর ব্যাট থেকে আসে ৮৮ রানের দারুণ এক ইনিংস।

দিনের শেষ বলটি ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়েও বেঁচে গিয়ে ৩২ রান নিয়ে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে ১৩ রান নিয়ে উইকেটে আছেন হাসান মাহমুদ। আর এই জুটির অবিচ্ছিন্ন ৪০ রানের ইনিংসে ভর করে শক্ত অবস্থানে থেকেই তৃতীয় দিনে নামবে বাংলাদেশ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে