খেলাধুলা ডেস্ক
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকটা স্বপ্নের মতোই হলো বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। তাঁর দারুণ বোলিংয়ের সঙ্গে ইমরান তাহিরের পাঁচ উইকেটের নৈপুণ্যে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
টুর্নামেন্টের শেষ দিকে গায়ানায় যোগ দিয়েছেন মিরাজ। সিপিএলে আর মাত্র আটটি ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে দলে জায়গা পান তিনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নবী সিপিএল ছেড়ে যাওয়ায় তাঁর জায়গায় নেওয়া হয় মিরাজকে।
গায়ানার হয়ে এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছেন নবী। সাত ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। এমন একজন ক্রিকেটারের জায়গা পূরণ করা মিরাজের জন্য সহজ ছিল না। তবে প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন বাংলাদেশের এই স্পিনার।
প্রভিডেন্সে নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান মিরাজ। ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে হাওয়ায় ভাসানো ডেলিভারিতে জন ক্যাম্পবেলকে লং অফে ক্যাচ দিয়ে ফেরান তিনি।
এরপর নিজের তৃতীয় ওভারে আরও দুটি উইকেট তুলে নেন মিরাজ। কেমল স্যাভরিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। যদিও রিভিউ নিলে বেঁচে যেতে পারতেন স্যাভরি, কারণ রিপ্লেতে দেখা যায় বলটি স্টাম্পে আঘাত করত না।
ওই ওভারেই মিরাজের তৃতীয় শিকার হন শ্রীলঙ্কার চারিত আসালাঙ্কা। উইকেটের পেছনে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
মিরাজের এমন দারুণ অভিষেকে মুগ্ধ হয়েছেন অভিজ্ঞ ইমরান তাহিরও। ম্যাচের পর বাংলাদেশের এই স্পিনারকে ‘বিশ্বমানের বোলার’ হিসেবে প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই লেগ স্পিনার।
