ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ডিসেম্বর ইস্যু: কড়া প্রশ্ন ছুড়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বর ইস্যু: কড়া প্রশ্ন ছুড়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

ডিসেম্বর মাসে কোনো অপশক্তি দেশে বিশৃঙ্খলা বা অস্থিরতা তৈরি করতে পারবে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আওয়ামী লীগের কর্মকাণ্ড ও রাজনীতিতে অস্থিরতা সম্পর্কিত প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “আপনারা ‘ডিসেম্বর ডিসেম্বর’ করছেন কেন? ডিসেম্বর তো আমাদের মহান বিজয়ের মাস। আমার বিশ্বাস, এই বিজয়ের মাসে কোনো অপশক্তি এখানে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে না।”

আনসার বাহিনীর আবাসন ও দাপ্তরিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপির একটি আধুনিক ও সুপরিকল্পিত সদর দপ্তরের দীর্ঘদিনের দাবি ছিল। আজ সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সূচনা হলো। গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেজগাঁওয়ে ৩.৪৫ একর (প্রায় ১১ বিঘা) জমি আনসারের নতুন সদর দপ্তরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে আনসারের একটি সুপরিসর ও পূর্ণাঙ্গ সদর দপ্তর গড়ে তোলার বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। খিলগাঁওয়ের বর্তমান চত্বরে এই বিশাল বাহিনীর কার্যক্রম চালানোর মতো পর্যাপ্ত জায়গা হচ্ছিল না।”

বাহিনীটির বিশাল ব্যাপ্তির কথা উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার অঙ্গীভূত আনসার রয়েছে—সব মিলিয়ে মোট ৮০ হাজার সক্রিয় সদস্য। এর বাইরে আনসারের সাথে ৩৫ হাজার ভিডিপি দলনেতা ও প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি সম্পৃক্ত। লোকবলের দিক থেকে বিচার করলে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এটি দেশের অন্যতম বড় একটি অনুশাসনিক শক্তি।

আনসার সদস্যদের আবাসন সংকট দূর করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, “যেসব আনসার সদস্য কেন্দ্রীয়ভাবে রাজধানীতে দায়িত্ব পালন করেন, কাজের পর তাদের ঠিকমতো রাত্রিযাপনের জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। সেজন্য তেজগাঁওয়ের নতুন জায়গায় একটি কেন্দ্রীয় ডরমেটরি এবং আধুনিক ব্যারাক নির্মাণ করা হবে, যাতে তাদের আবাসন সুবিধা ও সার্বিক জীবনযাত্রার মান নিশ্চিত হয়।”

নতুন এই পদক্ষপকে আনসার ব্যাটালিয়নের জন্য এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে বর্ণনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যোগ করেন, “বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই শান্তিশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি আনসার বাহিনীর মর্যাদা ও ভূমিকা বাড়াতে মনোযোগ দিয়েছে। এই বাহিনীর গর্ব করার মতো অনেক ঐতিহাসিক সাফল্য রয়েছে। আশা করি তারা সামনের দিনগুলোতেও দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় আরও দক্ষ ভূমিকা রাখবে। তাদের কিছু বকেয়া দাবি-দাওয়া রয়েছে, যা পর্যায়ক্রমে পূরণ করতে সরকার সচেষ্ট রয়েছে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে