ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » জন্মদিনে ম্যাথিউ পেরিকে স্মরণ করলেন মা

জন্মদিনে ম্যাথিউ পেরিকে স্মরণ করলেন মা

‘ফ্রেন্ডস’খ্যাত মার্কিন অভিনেতা ম্যাথিউ পেরির ৫৭তম জন্মদিনে তাকে স্মরণ করেছেন তার মা সুজান মরিসন। ছেলের পুরনো একটি ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, জীবনের শেষ দিকে মাদকাসক্তির সঙ্গে লড়াই করা মানুষদের সাহায্য করতে চেয়েছিলেন ম্যাথিউ।

ম্যাথিউ পেরি হাউসের পক্ষ থেকে সুজানের এই স্মৃতিচারণ প্রকাশ করা হয়েছে। সেখানে ছোটবেলায় ম্যাথিউকে খাওয়ানোর একটি পুরনো পারিবারিক ছবিও শেয়ার করা হয়।

১৯ আগস্ট ছিল ম্যাথিউর জন্মদিন। ১৯৬৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি।ছেলের জন্মদিনে সুজান বলেন, ম্যাথিউর জন্মের দিনটির কথা তার এখনো স্পষ্ট মনে আছে। একইসঙ্গে ছেলের কঠিন সময়গুলোর কথাও মনে পড়ে তার। সেই সময় ম্যাথিউ নিজের আসক্তির বিষয়টি সবার কাছ থেকে, এমনকি মায়ের কাছ থেকেও লুকিয়ে রাখতেন।
ছেলেকে স্মরণ করে সুজান জানান, ম্যাথিউ ছিলেন ভালোবাসাপূর্ণ, মজার ও প্রাণবন্ত মানুষ।আবার কখনো একগুঁয়েও ছিলেন। তবে সবচেয়ে বেশি তিনি সুস্থ হতে চেয়েছিলেন। ছেলেকে তিনি ভীষণ মিস করেন এবং প্রতিদিন তার কথা মনে পড়ে বলে জানান।ম্যাথিউর জীবনের শেষ দিনগুলোর কথা উল্লেখ করে সুজান বলেন, তিনি বারবার বলতেন, আসক্তির সমস্যায় থাকা তার মতো মানুষদের সাহায্য করতে চান। ম্যাথিউ এখন নিজে তা করতে না পারলেও অন্যরা তার সেই ইচ্ছা পূরণ করতে পারে বলে মনে করেন তার মা।‘ফ্রেন্ডস’ সিরিজে চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান ম্যাথিউ পেরি। ২০২৩ সালের ২৮ অক্টোবর ৫৪ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুর কারণ হিসেবে কেটামিনের তীব্র প্রভাবকে দায়ী করা হয়।

মৃত্যুর ঘটনায় ম্যাথিউর সহকারী কেনেথ ইওয়ামাসা স্বীকার করেন, মৃত্যুর আগের কয়েক দিনে তিনি অভিনেতাকে একাধিকবার কেটামিনের ইনজেকশন দিয়েছিলেন। মৃত্যুর দিনও তাকে তিনবার কেটামিন দেওয়া হয়েছিল।

ওই দিন ম্যাথিউ দুই ডোজ কেটামিন নেওয়ার পর আরো বড় ডোজ দেওয়ার জন্য সহকারীকে বলেছিলেন। পরে ইওয়ামাসা কিছু কাজে বাড়ির বাইরে গেলে ফিরে এসে ম্যাথিউকে জ্যাকুজিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

সাজা ঘোষণার পর আদালতে ম্যাথিউর পরিবার ও বন্ধুদের কাছে ক্ষমা চান ইওয়ামাসা। সেখানে ম্যাথিউর মা সুজান ও তার স্বামী কিথ মরিসনও ছিলেন। নিজের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করে ইওয়ামাসা বলেন, এই ঘটনার জন্য তিনি সারা জীবন অনুতপ্ত থাকবেন। পাশাপাশি ম্যাথিউর স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে