জীবনযাপন ডেস্ক
খাওয়ার পর পেটব্যথার পেছনে থাকতে পারে নানা কারণ। কোন খাবার খাওয়ার পর ব্যথা হচ্ছে, পেটের ঠিক কোন অংশে ব্যথা হচ্ছে, সঙ্গে অন্য কোনো উপসর্গ আছে কি না এবং কী করলে ব্যথা কমছে—এসব বিষয় খেয়াল করলে কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে কিছু ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডা. মুসআব খলিল জানিয়েছেন, ব্যথার কারণ স্পষ্ট না হলেও বিপদচিহ্ন না থাকলে শুরুতে কিছু বিষয় মেনে বাড়িতেই প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে।
ব্যথা হলে যা করবেন
- খাবার বাকি থাকলে আর না খাওয়াই ভালো।
- কিছুক্ষণ বিশ্রাম নিন। তবে খাওয়ার দুই-তিন ঘণ্টার মধ্যে শুয়ে পড়বেন না, বসে বিশ্রাম নিন।
- খাওয়ার ১৫-২০ মিনিট পর থেকে অল্প অল্প করে পানি পান করতে পারেন, তবে এতে ব্যথা বেড়ে গেলে পানি পান বন্ধ করুন।
- বদহজমের মতো মনে হলে তরলজাতীয় ‘গ্যাসের ওষুধ’ খেতে পারেন।
- বমি বা পাতলা পায়খানা হলে ওরস্যালাইন পান করুন।
- নিজের ইচ্ছায় আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেনসহ এনএসএআইডি (নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ) খাবেন না।
- ব্যথা কমে গেলে অল্প পরিমাণে খাবার দিয়ে আবার খাওয়া শুরু করুন। ধীরে ধীরে ও ভালোভাবে চিবিয়ে খাবেন।
- যে খাবার খাওয়ার পর ব্যথা হয়েছে, সেটি আপাতত এড়িয়ে চলুন।
- নিয়মিত এমন ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পেটব্যথার সঙ্গে কোনো বিপদচিহ্ন দেখা দিলে ঘরোয়া উপায়ে না থেকে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেতে হবে।
