ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের টানা ৪৩ ম্যাচ অপরাজিত যাত্রা

ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের টানা ৪৩ ম্যাচ অপরাজিত যাত্রা

স্পোর্টস ডেস্ক:

এক ম্যাচের পর আরেক ম্যাচ পেরিয়ে চললেও জয়ের ছন্দ কিংবা অপরাজিত থাকার পথ থামছে না স্পেনের। ইউরো ও বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ফুটবল বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব নতুন করে প্রমাণ করল। উয়েফা নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও বদলি নামা মিকেল মেরিনোর জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

এই জয়ে উয়েফা নেশনস লিগের ‘এ’ লিগের গ্রুপ-৩ এ চার ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছে স্পেন। দিনের অপর ম্যাচে চেকিয়াকে ৩-০ গোলে হারানো ইংল্যান্ড ৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে ক্রোয়েশিয়া এবং সবকটি ম্যাচে হেরে টেবিলের তলানিতে রয়েছে চেকিয়া।

ক্রোয়েশিয়ার ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় স্বাগতিকরা। আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ গোল হজম করা দলটি যেন ঘরের মাঠে প্রায়শ্চিত্তের পণ নিয়ে নেমেছিল। ম্যাচের ১৭তম মিনিটে ইগর মাতানোভিচের জোরালো শট স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন কোনোমতে ঠেকিয়ে দিলেও, ফিরতি বলে নিখুঁত হেডে জাল কাঁপান অভিজ্ঞ ইভান পেরিসিচ। জাতীয় দলের হয়ে ১৬২ ম্যাচে এটি ছিল পেরিসিচের ৪০তম গোল। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও প্রথমার্ধে স্পেনের আক্রমণে কাঙ্ক্ষিত ধারের অভাব স্পষ্ট ছিল। প্রথম ৪৫ মিনিটে পাঁচটি শট নিয়ে কেবল একটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিল সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দানি ওলমো সমতায় ফেরার সহজ সুযোগ মিস করলেও ৬১তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় স্পেন। ডি-বক্সে ওলমোর বাড়ানো পাস থেকে প্লেসিং শটে দলকে সমতায় ফেরান বদলি হিসেবে মাঠে আসা মিকেল মেরিনো। এর আগের ম্যাচে চেকিয়ার বিরুদ্ধেও বদলি নেমে গোল করেছিলেন এই মিডফিল্ডার।

ম্যাচের ৭৭তম মিনিটে স্প্যানিশ ডিফেন্সের মারাত্মক ভুলে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন পেরিসিচ। তবে তাঁর জোরালো শট পা দিয়ে দারুণভাবে রুখে দেন গোলরক্ষক উনাই সিমন। এর ঠিক কিছুক্ষণ পরই স্বাগতিক শিবিরে নেমে আসে চরম বিপর্যয়। মার্ক কুকুরেইয়াকে পেছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন ম্যাচের গোলদাতা পেরিসিচ। ভিএআর পর্যালোচনার পরও রেফারি নিজের সিদ্ধান্তে অটল থাকলে শেষ মুহূর্তের খেলা ১০ জন নিয়েই খেলতে হয় ক্রোয়েশিয়াকে।

একজন কম নিয়ে খেলা ক্রোয়েশিয়ার এই সুযোগটি হাতছাড়া করেনি স্পেন। ৮৮তম মিনিটে মার্তিন সুবিমেন্দির পাস নিয়ন্ত্রণে নিয়ে ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে পরাস্ত করে দূরপাল্লার শক্তিশালী শটে নিজের জোড়া গোল ও দলের জয় সুনিশ্চিত করেন সেই মেরিনো। শেষ বাঁশি বাজলে ২-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে