ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » কৃষিতে ২০ হাজার উদ্যোক্তা তৈরির উদ্যোগ

কৃষিতে ২০ হাজার উদ্যোক্তা তৈরির উদ্যোগ

নবপ্রকাশ ডেস্ক:

কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বিশ্ববাজারে রপ্তানি সম্ভাবনা বাড়াতে সারাদেশে ২০ হাজার নতুন কৃষি উদ্যোক্তা তৈরির বিশাল কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দেশের সম্ভাবনাময় কৃষি খাতকে আধুনিকায়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া এই উদ্যোগে উদ্যোক্তাদের ৬০ শতাংশই নারী এবং ৪০ শতাংশ পুরুষ নির্ধারণ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরের (ডিএএম) পরিচালনায় ‘পার্টনার’ (PARTNER-DAM) প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার ২০৮টি উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, প্রক্রিয়াজাতকরণ, বীজ, নার্সারি, মাশরুম, ভার্মিকম্পোস্ট, পাটজাত ও দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন উপখাতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের প্রশিক্ষিত করা হচ্ছে। এর মধ্যে আলু, আম, কাঁঠাল, টমেটো ও সুগন্ধি চাল—এই পাঁচটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের বিশেষায়িত ভ্যালুচেইন প্রমোশনাল বডি গঠন করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে পারিবারিক পর্যায়ে প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি ক্রয়ে ৭০ শতাংশ অর্থ ভর্তুকি হিসেবে দিচ্ছে সরকার।

প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক জানান, “ইতিমধ্যেই ৬ হাজার ৮৭৫ জনকে সফলভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি বছরে আরও প্রায় ৭ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। শুধু প্রশিক্ষণই নয়, ইনকিউবেশন সাপোর্ট, ব্যবসায়িক লাইসেন্স প্রাপ্তি এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরিতেও আমরা সহযোগিতা করছি।”

উৎপাদন অঞ্চলগুলোকে কেন্দ্র করে ইতোমধ্যে সারাদেশে ৭৬৭টি ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গড়ে তোলা হয়েছে। বিশেষ করে আলুর প্রক্রিয়াজাতকরণ ও বাজার ব্যবস্থাপনায় ২২৭টি স্কুল কাজ করছে এবং চলতি বছরে আরও ৩৩৫টি স্কুল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর ফলে কৃষক, ব্যবসায়ী, হিমাগার মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা একটি যৌথ কাঠামোর মধ্যে আসছেন।

পার্টনার প্রকল্পের কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ বলেন, “উদ্যোক্তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যের কর্মসংস্থান সৃষ্টি করেন। নতুন ধ্যান-ধারণা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তরুণ উদ্যোক্তারা দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবেন এবং কৃষিকে একটি মর্যাদাশীল পেশায় রূপান্তর করবেন।”

ইতোমধ্যে এই প্রশিক্ষণের ইতিবাচক সাফল্য দেখা যাচ্ছে মাঠপর্যায়ে। গাজীপুরের তরুণী তামিমা আক্তার ন্যান্সী ১২ দিনের প্রশিক্ষণ শেষে ‘ন্যান্সী অ্যাগ্রো অ্যান্ড ফুড’ প্রতিষ্ঠা করে জ্যাম, জেলি, আচার ও চিপস তৈরি করে সফলতা পেয়েছেন, যেখানে আরও চারজনের কর্মসংস্থান হয়েছে।

কৃষি বিশ্লেষকরা বলছেন, বাস্তবমুখী এই পরিকল্পনা ও নারী উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে গৃহীত উদ্যোগ দেশের কৃষি অর্থনীতিতে এক নতুন বিপ্লব আনবে এবং প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে