ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » কাগজবিহীন হবে পুঁজিবাজার: অর্থমন্ত্রী

কাগজবিহীন হবে পুঁজিবাজার: অর্থমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

বাংলাদেশের পুঁজিবাজারকে অতিরিক্ত খুচরা বিনিয়োগকারীনির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীভিত্তিক বাজারে রূপান্তরের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে পুঁজিবাজারের প্রতিটি স্তরে শতভাগ স্বয়ংক্রিয় ব্যবস্থা ও ডিজিটালাইজেশন নিশ্চিত করে পুরো লেনদেন প্রক্রিয়াকে পুরোপুরি কাগজবিহীন করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অধ্যাদেশের মাধ্যমে আইসিবি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশে মুক্তবাজার অর্থনীতি ও বাজারভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলা। সাধারণ মানুষের সঞ্চয়কে আইসিবির মাধ্যমে মূলধন বাজারে এনে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের বিনিয়োগ নিশ্চিত করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। কিন্তু দেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে অতিরিক্ত খুচরা বিনিয়োগকারীনির্ভর হয়ে পড়েছে, অথচ বিশ্বের আধুনিক পুঁজিবাজারগুলো মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমেই চালিত হয়। তাই বাংলাদেশের বাজারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আইসিবিকে অগ্রণী ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

আর্থিক খাতের স্বচ্ছতা ও অর্থনৈতিক সংস্কারের প্রসঙ্গ তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তর তরান্বিত করার বিষয়ে অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, বিএসইসি, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ ও আইসিবিসহ বাজারের প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশন বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এখন থেকে ‘নো পেপার ট্রানজেকশন, নাথিং পেপার’ নীতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। লিস্টিং আবেদন, অনুমোদন ও সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

সম্প্রতি নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে বিশ্বের শীর্ষ ১৫টি বড় প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সফল বৈঠকের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক সংস্কারে আস্থা প্রকাশ করেছেন। প্রাইভেট ফান্ড, জলবায়ু অর্থায়ন ও ডেরিভেটিভস পণ্যের মাধ্যমে বাংলাদেশে বৈশ্বিক পুঁজি আনার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তাই দেশীয় প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত ব্যাংকনির্ভরতার বাইরে এসে আন্তর্জাতিক মানের আর্থিক চর্চায় অভ্যস্থ হওয়ার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, আইসিবি তার দীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা ও অভ্যন্তরীণ আধুনিক পুনর্গঠনের মাধ্যমে একটি বিশ্বমানের দক্ষ ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে।

আইসিবির চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আয়োজিত উক্ত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবু আহমেদসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে