শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় যুক্ত করতে এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে কওমি মাদরাসা থেকে প্রায় ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য এনামুল হক এনাম।
শুক্রবার (২৬ জুন) পটিয়ার আল-জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসায় দাওয়াহ প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রচলিত ধর্মীয় শিক্ষার পাশাপাশি কওমি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারের কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপের কথা উল্লেখ করে তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার কারিগরি শিক্ষার প্রসার ঘটাচ্ছে। পটিয়ায় একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইব। সেখানে উপস্থিত ছিলেন মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস ছালাম, শিল্পপতি শামসুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, নুরুল আবছার, মোহাম্মদ আলী, বদিউল আলম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ইমতিয়াজ হোসেন বেলাল, আবু তাহের সওদাগর, শফিকুল আলম চেয়ারম্যান, মঈনুল আলম ছোটন, মাওলানা লুৎফুর রহমান, মুফতি এমদাদ উল্লাহ, কারী মো. লোকমান, মুফতি শোয়াইব, বিএনপি নেতা মনজুর আলম এবং উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কওমী শিক্ষার আধুনিকায়ন এবং ধর্মীয় শিক্ষার সাথে কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
মাদরাসা থেকে দশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগকে সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
