ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » এলপিজির কৃত্রিম সংকট তদন্তের নির্দেশ

এলপিজির কৃত্রিম সংকট তদন্তের নির্দেশ

নবপ্রকাশ ডেস্ক:

সরকার ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার প্রতি ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রির অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে দেশে কৃত্রিম সংকট তৈরি করে কেউ অন্যায্য লাভ লুটছে কি না, তা মাঠপর্যায়ে কঠোরভাবে খতিয়ে দেখতে সকল জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

গতকাল বুধবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের অনলাইন বৈঠকে জ্বালানিমন্ত্রী এই কঠোর দিকনির্দেশনা প্রদান করেন।

বৈঠকে এলপিজির বর্তমান বাজার পরিস্থিতি তুলে ধরে জ্বালানিমন্ত্রী বলেন, “বর্তমানে দেশে এলপিজি গ্যাসের সরবরাহে বিন্দুমাত্র কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন অঞ্চলে অহেতুক সংকটের কথা শোনা যাচ্ছে। যেখানে সরবরাহ স্বাভাবিক ও পর্যাপ্ত রয়েছে, সেখানে কেন সংকট তৈরি হচ্ছে এবং সাধারণ ভোক্তাদের কেন নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে—তা জেলা প্রশাসকদের মাঠপর্যায়ে নিরপেক্ষভাবে তদন্ত করে দেখতে হবে।”

জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে মন্ত্রী জানান, এ বিষয়ে মাঠপর্যায় থেকে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ সংগ্রহ করে দ্রুত মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠাতে হবে। কোন কোন এলাকায় সরবরাহ ব্যাহত হচ্ছে, কোথায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি রাখা হচ্ছে এবং এর পেছনে কোনো সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করছে কি না—প্রতিবেদনে তা স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রী আরও জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে তদারকি প্রতিবেদন পাওয়ার পরপরই এলপিজি আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের (স্টে holde) সঙ্গে জরুরি বৈঠক ডাকা হবে। প্রতিবেদন পর্যালোচনা করে যেসব এলাকায় সরবরাহ ঘাটতি চিহ্নিত হবে, সেখানে দ্রুত সরবরাহ বাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করে দিয়েছিল বিইআরসি। তবে মাঠপর্যায়ের খুচরা ও পাইকারি বাজারে বিইআরসির এই দাম মানা হচ্ছে না বললেই চলে। দেশের অনেক স্থানে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকারও বেশি দামে বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে।

অসাধু ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দিয়ে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, কোনো স্বার্থান্বেষী মহল যদি কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দাম বাড়ানোর চক্রান্ত করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে এক টাকাও বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট বিক্রেতা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে