ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » এলপিজি সংকট নেই, মজুতদারিতে কঠোর ব্যবস্থা

এলপিজি সংকট নেই, মজুতদারিতে কঠোর ব্যবস্থা

নবপ্রকাশ ডেস্ক:

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো সংকট নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, অসাধু উদ্দেশ্যে এলপিজি মজুত করে কৃত্রিম জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করা হলে সরকার কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের সার্বিক কর্মকাণ্ড ও বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান ও তথ্যের উদ্ধৃতি দিয়ে তথ্য উপদেষ্টা জানান, গত আগস্ট মাসে দেশে মোট ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। এর ধারাবাহিকতায় চলতি সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সার্বিক পরিসংখ্যান অনুযায়ী দেশের বাজারে বর্তমানে এলপিজির সরবরাহ ও আন্তর্জাতিক মজুত পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছে।

উপদেষ্টা আরও জানান, সম্প্রতি এলপিজি আমদানিকারক ও অপারেটরদের সঙ্গে আয়োজিত পর্যালোচনা ও মতবিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে আশ্বস্ত করা হয়েছে যে বাজারে কোনো সরবরাহ ঘাটতি নেই। এলপিজির আমদানি ও ধারাবাহিক সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

তবে বাজারে পর্যাপ্ত মজুত থাকার পরেও কিছু কিছু স্থানে এলপিজির দাম বৃদ্ধির অযৌক্তিক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, অসৎ উদ্দেশ্যে কেউ যাতে এলপিজি মজুত করে বাজারে অস্থিতিশীলতা বা জনঅসন্তোষ তৈরি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, বিশ্বজুড়ে বর্তমান পণ্যের বাজারে এক ধরনের জল্পনামূলক বা স্পেকুলেটিভ প্রবণতা তৈরি হচ্ছে, যার কিছুটা মনস্তাত্ত্বিক প্রভাব স্থানীয় বাজারেও পড়তে পারে। তবে সরকার সার্বিক বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে