ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » এআই নিয়ে বিচার বিভাগে নতুন সংকট: আইনমন্ত্রী

এআই নিয়ে বিচার বিভাগে নতুন সংকট: আইনমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক

রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী নির্বাহী পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিচারব্যবস্থার সামনে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। তাই এআইয়ের প্রভাব ও অপব্যবহার থেকে বিচারব্যবস্থাকে সুরক্ষিত রাখতে বিচারকদের শুরুতেই সচেতন হওয়া প্রয়োজন এবং নিজস্ব প্রজ্ঞা ও বিচারিক বিচক্ষণতা প্রয়োগ করতে হবে।

আইনমন্ত্রী বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে কারও কণ্ঠস্বর নকল করা, ছবি পরিবর্তন বা সুপারইম্পোজ করা এবং সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর তথ্যকে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করা সম্ভব হচ্ছে। প্রযুক্তিটির এই সক্ষমতা মানুষের চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ওপরও সরাসরি প্রভাব ফেলতে পারে। পুরো বিশ্ব এখন এআই যুগে প্রবেশ করলেও এর ক্রমবর্ধমান ঝুঁকি এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণ কাঠামো এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। আগামী দিনে এআই যেভাবে মানুষকে নির্দেশনা দেবে কিংবা প্রভাবিত করবে, তা এক চিন্তার বিষয়।

বিচারিক সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী সতর্ক করেন যে, কোনো বিচারককে এআইয়ের মাধ্যমে প্রভাবিত বা বিভ্রান্ত করার চেষ্টা করা হলে তার সরাসরি প্রভাব বিচারিক সিদ্ধান্তের ওপর পড়তে পারে। এজন্য সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে কোনো তথ্য বা উপাদান এআই-নির্ভর কি না, তা সতর্কতার সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, আইন সময়ের প্রয়োজনে পরিবর্তিত হয় এবং বিচারিক ব্যাখ্যার মাধ্যমে এর নতুন নতুন পথ উন্মোচিত হয়। এআইও বিচারব্যবস্থার সামনে একটি নবতর চ্যালেঞ্জ। ফলে উপযুক্ত আইন ও কার্যকর নিয়ন্ত্রণ কাঠামো প্রণয়ন না হওয়া পর্যন্ত বিচারকদের নিজস্ব বিচক্ষণতার ওপরই ভরসা রাখতে হবে। তবে সরকার এআই নিষিদ্ধ করার কোনো চিন্তা করছে না জানিয়ে তিনি বলেন, এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিতের পাশাপাশি এর অপব্যবহার রোধে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনুভা শেলীর সঞ্চালনায় উক্ত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক এবং আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে