ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আবু সাঈদের বাড়ি ও কবরের উন্নয়নে বরাদ্দ ১ কোটি টাকা

আবু সাঈদের বাড়ি ও কবরের উন্নয়নে বরাদ্দ ১ কোটি টাকা

নবপ্রকাশ ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের বাবনপুরস্থ বাড়িতে নতুন ঘর নির্মাণ, তাঁর পিতা-মাতার স্বাচ্ছন্দ্যময় বসবাসের ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন রংপুরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের নিজ বাড়িতে যান প্রতিমন্ত্রী। সেখানে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন শেষে সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন তিনি।

শাহে আলম শহীদ আবু সাঈদকে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের প্রধান অনুপ্রেরণা হিসেবে অভিহিত করে বলেন, “আবু সাঈদ গণঅভ্যুত্থানের বীর। তাঁর আত্মত্যাগ কেবল ইতিহাসের অংশ নয়, বরং উত্তরসূরি তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্য এক চিরন্তন অনুপ্রেরণা। তাঁর এই চরম আত্মত্যাগ সারা দেশের মানুষকে রাজপথে নামিয়ে এনেছিল।”

বাড়ি ও কবরস্থান সংস্কার কাজের সার্বিক দিক তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে এই এক কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে একটি মানসম্মত নকশা তৈরির জন্য রংপুরের জেলা প্রশাসককে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুর স্টেডিয়ামকেও ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ হিসেবে নামকরণের সরকারি সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করার প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রতিমন্ত্রী সরকারের একাধিক জাতীয় সামাজিক নিরাপত্তা প্রকল্পের চিত্র তুলে ধরেন। তিনি জানান, দেশের চার কোটি পরিবারের নারীপ্রধানদের পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ এবং আগামী চার বছরের মধ্যে প্রায় ২ কোটি ১০ লাখ কৃষককে শ্রেণিবিন্যাস অনুযায়ী ‘কৃষক কার্ড’ দেওয়া হবে। একই সঙ্গে দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানীর উদ্যোগ নেওয়া হয়েছে, যার অর্থ সরাসরি তাঁদের ডিজিটাল অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তরুণের কর্মসংস্থান সৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ভাষা চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তৈরি হওয়া জ্বালানি সংকট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। সাময়িক এই সংকটের জন্য দুঃখ প্রকাশ করে তিনি আশ্বস্ত করেন যে আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশীয় বাজারেও তার ইতিবাচক প্রভাব পড়বে।

একই সাথে বিরোধী রাজনৈতিক দলগুলোর চলমান কর্মসূচি ও লংমার্চ প্রসঙ্গে তিনি আহ্বান জানান, “লংমার্চের মাধ্যমে সমস্যার টেকসই সমাধান আসে না। বিরোধী দলের কোনো গঠনমূলক মতামত বা প্রস্তাব থাকলে রাজপথের পরিবর্তে জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলুন।” সরকারকে মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবর্গ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে