নবপ্রকাশ ডেস্ক:
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) তিনি এই ভাষণ দেবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ড. মাহদী আমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ইতিহাস সৃষ্টি করে জাতিসংঘে দেশের মানুষের আবেগ, অনুভূতি ও জাতীয় আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলায় এই ভাষণ পরিবেশন করবেন।
অধিবেশনের ভাষণের পাশাপাশি এদিন সরকারপ্রধান সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন।
উল্লেখ্য, বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তারেক রহমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন। নিউইয়র্কের ধারাবাহিক কূটনৈতিক কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
