নবপ্রকাশ ডেস্ক:
প্রাচীন বাংলার রূপকথার বহুল পরিচিত ‘প্রাণভোমরা’র গল্পকে আধুনিক ভালোবাসা, আবেগ ও মনস্তাত্ত্বিক রহস্যের সঙ্গে মিলিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘প্রাণভোমরা’। ভিকি জাহেদের পরিচালনায় নির্মিতব্য এই সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘আই স্ক্রিনে’।
বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়েব সিরিজটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।
সিরিজটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, রূপকথায় যেমন রাক্ষস-খোক্কসের প্রাণ রহস্যময় ভোমরার মধ্যে লুকানো থাকত, তেমনি এই গল্পেও সেই চিরায়ত মিথকে আধুনিক আঙ্গিকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে সত্যিকারের ভালোবাসাকে একটি ‘প্রাণভোমরা’র সঙ্গে তুলনা করে দেখা গেছে—মানুষের শরীর হারিয়ে গেলেও তার অনুভূতি ও ভালোবাসা কি সত্যি কখনো মরে যায়? ভালোবাসার রহস্যময় টানে অতীত কিভাবে ফিরে আসতে পারে, সেই মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর খুঁজবে গল্পটি।
ওয়েব সিরিজটির প্রধান দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও শ্রেয়সী শ্রেয়া। আগামী অক্টোবর মাস থেকে সিরিজটির দৃশ্যধারণ বা শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।
