বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রাজশাহী জেলার মির্জাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আশপাশের বিভিন্ন এলাকায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে আইএফএসডি ফাউন্ডেশন।
শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান তারা।
এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করায় চন্দ্র কলি ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে আইএফএসডি ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, চন্দ্র কলি ফাউন্ডেশনের সহযোগিতা সামাজিক ও পরিবেশগত উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএফএসডি ফাউন্ডেশন-এর জেনারেল সেক্রেটারি মেহেদী হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল্লাহ শাহরিয়ার বিজয়, ট্রেজারার মো. আলাউদ্দিন এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর নবপ্রকাশের ভারপ্রাপ্ত সম্পাদক মো. আশিকুর রহমান। এছাড়াও স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও পরিবেশসচেতন ব্যক্তিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনকে আরও বেগবান করবে।
কর্মসূচির প্রতিপাদ্য হিসেবে আয়োজকরা বলেন, “সবুজ হোক পৃথিবী, নিরাপদ হোক আগামী।”
