ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » অর্থ পাচার-বেআইনি সম্পত্তি নিয়ে অভিযোগের জবাব দিলেন রাকুল

অর্থ পাচার-বেআইনি সম্পত্তি নিয়ে অভিযোগের জবাব দিলেন রাকুল

বিনোদন ডেস্ক:

বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি ও তার স্ত্রী অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের বিরুদ্ধে। তাদের প্রযোজনা সংস্থা প্যানোরামা স্টুডিওকে ঘিরে অর্থ নয়ছয়ের অভিযোগে মুম্বাইয়ের একাধিক ঠিকানায় আয়কর বিভাগের তল্লাশি নিয়েও খবর প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন রাকুল প্রীত।

গত ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের প্রায় ১২টি ঠিকানায় আয়কর বিভাগের একাধিক দল তল্লাশি চালায়। এ সময় প্রযোজনা সংস্থার বিভিন্ন নথি ও আর্থিক লেনদেনসংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই জ্যাকি-রাকুল দম্পতিকে ঘিরে নানা আলোচনা শুরু হয়।

ঘটনার প্রায় এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন রাকুল। তার দাবি, তল্লাশি অভিযানের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। একই সঙ্গে যাচাই না করে খবর প্রকাশের কারণে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সামাজিক মাধ্যমে রাকুল লিখেছেন, ‘এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক যে কিছু স্বঘোষিত সাংবাদিকসহ মূলধারার সংবাদমাধ্যম যাচাই না করে চাঞ্চল্যকর খবর ছড়িয়েছে। তাই আর কোনো ধোঁয়াশা না রেখে বিষয়টা স্পষ্ট করা যাক। যে তল্লাশি অভিযান নিয়ে কথা বলা হচ্ছে, তার সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই।’

নিজের পেশাগত পথচলার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি সশস্ত্র বাহিনী পরিবারের মেয়ে। ইন্ডাস্ট্রিতে আমার কোনো গডফাদার ছিল না। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। একজন দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে ২০ বছর বয়স থেকেই কর পরিশোধ করি।’

বিদেশে অর্থ লেনদেন ও সম্পত্তি নিয়ে ওঠা অভিযোগও অস্বীকার করেছেন রাকুল। তাঁর ভাষায়, ‘ব্যক্তিগতভাবে বা কোনো প্রোডাকশন হাউসের ব্যানারে বেআইনিভাবে বিদেশি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নই। দেশে-বিদেশে কোথাও কোনো বেআইনি সম্পত্তি নেই। কেউ উপহারও দেয়নি।’

রাকুল প্রীত সিং। ছবি: ফেসবুক

রাকুল প্রীত সিং। ছবি: ফেসবুক

ভিত্তিহীন প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়ে রাকুল আরও বলেন, ‘যারা মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও অনুমাননির্ভর প্রতিবেদন প্রকাশ করেছেন, তারা দয়া করে সেগুলো প্রত্যাহার করুন। প্রকৃত তথ্য স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। আমি জানি এবং বুঝতে পারি প্রত্যেক সংস্থার একটা নিজস্ব বাণিজ্যিক চাপ আছে। তবে সেই কারণে কোনো সত্যকে আড়াল করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে যা কারও ভাবমূর্তি নষ্ট করে।’

সূত্র: এনডিটিভি

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে