ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » অপ্রতিম হত্যা: ঘটনা জানার পরও গোপনের অভিযোগে সিয়াম গ্রেপ্তার, কারাগারে ৪ আসামি

অপ্রতিম হত্যা: ঘটনা জানার পরও গোপনের অভিযোগে সিয়াম গ্রেপ্তার, কারাগারে ৪ আসামি

নবপ্রকাশ ডেস্ক:

কুমিল্লায় ৭ম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনা জানার পরও পুলিশকে না জানিয়ে গোপন রাখার অভিযোগে মো. সিয়াম (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তিনি সরাসরি এ হত্যাকাণ্ডে অংশ নেননি বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এ নিয়ে অপ্রতিম হত্যা মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

রোববার বিকেলে সিয়ামকে কুমিল্লা আদালতে তোলা হয়। পরবর্তীতে রাতে অন্য আসামিদের সঙ্গে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সিয়ামের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার সূধন্যপুর (নোয়াবাড়ী) এলাকায়। শুক্রবার অপ্রতিমকে হত্যার পর মূল হোতা সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) তাঁর বন্ধু সিয়ামের সঙ্গে রাতে প্রায় দেড় ঘণ্টা আড্ডা দেন এবং হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেন। বিষয়টি জানা সত্ত্বেও সিয়াম তা পুলিশ বা প্রশাসনকে জানাননি। তথ্য গোপনের অভিযোগে প্রথমে তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান রোববার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার চার আসামির মধ্যে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত দুই কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের বয়স ১৫ ও ১৬ বছর। আদালতের আদেশ অনুযায়ী এই দুই কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, চার আসামিকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল। আদালতের অনুমতিক্রমে দুই কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে এবং প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন ও তথ্য গোপনকারী মো. সিয়াম কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকবেন।

উল্লেখ্য, গত শুক্রবার কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে