নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত দুই দিনে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ২ হাজার ৮৮০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৫৯৮টি যানবাহন ডাম্পিং এবং ৪০০টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১৭টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩০টি বাস, ৫টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ১৮৭টি সিএনজি ও ৩৫০টি মোটরসাইকেলসহ মোট ৪৮৩টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ১৯টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ৪১৪টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ৯টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি ও ৩৯৬টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৬২১টি মামলা করা হয়েছে।
এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৫০টি বাস, ১১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ৩১৮টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৭টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২৬৩টি মামলা করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন মেনে চলতে চালকদের উদ্বুদ্ধ করা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।
সংস্থাটি আরও জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাফিক বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
