খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তার সৎভাই মাহামুদুন চৌধুরী জনিকে আটক করেছে।
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন জানান, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে জনি নামের একজনকে আটক করা হলেও তার বিরুদ্ধে অভিযোগ বা আটকের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেনেড বাবুর বিরুদ্ধে নগরীতে হত্যা, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার নেতৃত্বাধীন ‘বি কোম্পানি’ নামে একটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে সক্রিয় বলে অভিযোগ রয়েছে।
খুলনা সদর থানার তালিকায় তিনি শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত।
এদিকে মাহামুদুন চৌধুরী জনির বিরুদ্ধেও গ্রেনেড বাবুর প্রভাব খাটিয়ে মোংলা বন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) ভবন দখলের অভিযোগ রয়েছে। সংগঠনের সদস্য না হয়েও নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছিলেন বলেও অভিযোগ উঠেছে।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) রেজাউর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে একই সময়ে হরিণটানা থানার শীর্ষ সন্ত্রাসী ইমন মোল্লা, সোনাডাঙ্গা থানার রনি শেখ ওরফে কাবাসহ আরো কয়েকজনকে আটক করা হয়েছে।
গ্রেনেড বাবুর বাড়িতেও অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তাদের পরিচয়-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
