ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার

শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার

রাজধানীকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ঈদের ছুটিকালীন সময়ে রাজধানীতে বড় ধরনের কোনো দুর্ঘটনা, নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি। পশুর হাট, বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, শপিংমল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঈদের জামাতস্থল, আবাসিক এলাকা এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সব ইউনিট নিরলসভাবে কাজ করেছে।

ডিএমপি কমিশনার জানান, গত ১ মে থেকে ২ জুন পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ৬৫৮ জন চাঁদাবাজ, ৯৭১ জন ছিনতাইকারী, ডাকাত ও সন্ত্রাসী এবং ১ হাজার ২১৫ জন মাদক কারবারিসহ মোট ২ হাজার ৮৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৭৪৪ কেজি গাঁজা, ১ লাখ ৭৯ হাজার ইয়াবা ট্যাবলেট, ৪০৫ গ্রাম হেরোইন, ১ হাজার ২৮১ বোতল ফেন্সিডিল, ২৯ গ্রাম আইস, ট্যাপেন্টাডল ও অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট। এছাড়া ৬টি পিস্তল, ২১ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ১১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৫২৩টি মোবাইল ফোন, ২৯৩টি সিমকার্ড, ৪টি মাইক্রোবাস, ৬টি প্রাইভেটকার, একটি কাভার্ডভ্যান, একটি বাস, ৯টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, মে মাসে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩৮ হাজার ২৮৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৬৭২টি মামলা হয়েছে এআইভিত্তিক এনফোর্সমেন্টের মাধ্যমে। এসব মামলায় মোট ৮ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৫০১ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মে মাসে সড়ক পরিবহন আইন সংক্রান্ত ৩৩৭টি মামলা নিষ্পত্তি করেছে। এর মধ্যে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অন্যদের কাছ থেকে মোট ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া ৫ হাজার ২০৯টি ফৌজদারি মামলা নিষ্পত্তির মাধ্যমে ৫ হাজার ৯৫৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২২ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ঈদের ছুটিতে প্রায় জনশূন্য রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি বিশেষ টহল, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভিভিত্তিক প্রযুক্তিগত মনিটরিং অব্যাহত রাখে বলে জানান কমিশনার। তিনি বলেন, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের ছুটিতে আড়াই থেকে তিন কোটি মানুষের এই মেগাসিটিতে কোনো ডাকাতি কিংবা বড় ধরনের চাঞ্চল্যকর অপরাধ সংঘটিত হয়নি। তবে বিচ্ছিন্নভাবে কিছু চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক আলোচিত মামলাগুলোর অগ্রগতি তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

মুগদা এলাকায় সৌদি প্রবাসী মোকাররম হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী তাসলিমা আক্তার ওরফে হাসনাসহ চারজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ ঘটনায় দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

যাত্রাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ডেমরায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের উত্তরা বিভাগ রাজধানী ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে বলেও জানান কমিশনার।

এছাড়া যাত্রাবাড়ীতে ডাচ-বাংলা ব্যাংকের ২৩ লাখ টাকা ছিনতাই, মোহাম্মদপুরের আলোচিত ছিনতাই, দক্ষিণখানে গার্মেন্টসের কাপড় চুরি, বংশালের ক্লুলেস হত্যাকাণ্ড, লালবাগে গুলিতে নিহত রাফি হত্যা এবং নিখোঁজ শিশু হাসিবকে উদ্ধারের মতো বিভিন্ন ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারের তথ্য তুলে ধরেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “উল্লেখিত উদ্ধার ও অগ্রগতি ছাড়াও আরও অনেক সফলতা রয়েছে ডিএমপির। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান চলমান থাকবে। শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা বিনির্মাণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা বদ্ধপরিকর।”

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হকসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে