ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মোহাম্মদপুরে ছিনতাই হওয়া মালামাল সহ গ্রেফতার ২

মোহাম্মদপুরে ছিনতাই হওয়া মালামাল সহ গ্রেফতার ২

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত এক ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া বিভিন্ন মালামাল ও অপরাধে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন মো. জুয়েল ওরফে আরিফ (৪৫) এবং আনোয়ার হোসেন (২৮)। মঙ্গলবার (২ জুন) রাতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে আনোয়ার হোসেনকে মোহাম্মদপুর থানা পুলিশ এবং জুয়েলকে র‍্যাব-১১ এর সহায়তায় গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ মে রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসা দুই নারী মোহাম্মদপুরের নুরজাহান রোডের এম গলি এলাকার একটি বাসার সামনে পৌঁছালে একটি পিকআপে করে আসা তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় ধারালো চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছে থাকা মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

 

ছিনতাই হওয়া মালামালের মধ্যে ছিল দুটি মোবাইল ফোন, একটি ভিভো ওয়াই১৭এস, প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫৫ হাজার টাকা, ব্যবহৃত জামাকাপড়, প্রসাধনী এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। ঘটনার পর ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ১ জুন মোহাম্মদপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

 

মামলা রুজুর পরপরই তদন্তে নামে মোহাম্মদপুর থানা পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের পর আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া দুটি ব্যাগ, কিছু কাপড়চোপড়, ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি এবং একটি ট্রাক জব্দ করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মো. জুয়েল ওরফে আরিফের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দুইটি দস্যুতা, দুইটি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং একটি ডাকাতি মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ছিনতাই করে তারা। পরে ছিনতাই করা মালামাল দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

 

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে