নিজস্ব প্রতিবেদক,সাভার: সরকার দেশের চামড়া শিল্পকে পুনরুজ্জীবিত ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এই খাতের সংকট কাটিয়ে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্পে রূপান্তর করতে বদ্ধপরিকর।
শুক্রবার (২৯ মে) দুপুরে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (CETP) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের অতীত প্রক্রিয়ার সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, “হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্তটি সঠিক ও দূরদর্শী হলেও যেভাবে এই শিল্পকে স্থানান্তর করা হয়েছে, সেটি ছিল ‘আ ক্লাসিক কেস অব মিস ম্যানেজমেন্ট’ (কুস্থাপনা বা অব্যবস্থাপনার একটি আদর্শ উদাহরণ)।”
তিনি উল্লেখ করেন, উচ্চমাত্রার বর্জ্য উৎপাদনকারী এই শিল্পকে একটি নিয়ন্ত্রিত পরিবেশে নিয়ে আসা সময়ের দাবি ছিল, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধির ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সিইটিপির আধুনিকায়ন, সংস্কার ও প্রকৃত উন্নয়নের প্রয়োজনীয়তা নিরূপণের জন্য ইতালির একটি কারিগরি বিশেষজ্ঞ দলকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব দ্রুতই তারা কাজ শুরু করবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবেশবান্ধব উদ্যোগের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ সহায়তার ঘোষণা দিয়ে মন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানান।
উদ্যোক্তাদের পুনর্বাসন: হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের প্রক্রিয়ায় যেসব উদ্যোক্তা ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন বা শিল্প থেকে হারিয়ে গেছেন, তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহযোগিতা দেবে বিএনপি সরকার।
ব্যক্তিগত ইটিপি (ETP) স্থাপনে সহায়তা: সেন্ট্রাল ইটিপির পাশাপাশি যেসব প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে ইটিপি স্থাপন করতে চাইবে, তাদের সরকারের পক্ষ থেকে কারিগরি (Technical Support), আর্থিক এবং নীতিগত (Policy Support) সহায়তা দেওয়া হবে।
বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বাংলাদেশের চামড়া শিল্পকে আবার বিশ্বমঞ্চে শীর্ষ অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব হবে।
