নবপ্রকাশ ডেস্ক: রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় অতিথিদের তালিকায় যুক্ত হয়েছে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’।তাকে দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। পবিত্র ঈদুল আজহার দিন আজ বৃহস্পতিবার বিকেলে এই চিত্র দেখা গেছে।
ঈদুল আযহার কারণে আজকে জাতীয় চিড়িয়াখানা অনেকটাই ফাঁকা। এরপরও যাঁরা চিড়িয়াখানায় এসেছেন, একবারের জন্য হলেও ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ‘এল-০৭’ খাঁচার সামনে আসছেন। ফলে জাতীয় চিড়িয়াখানার অন্যান্য খাঁচার সামনে দর্শনার্থী কম থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সামনে ভিড় লেগেই থাকছে।
খাঁচার সামনে এই মহিষের একটি পরিচয়ও ঝুলিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাতে লেখা, ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’। সেখানে ইংরেজিতে ‘অ্যালবিনো বাফেলো’ও লেখা আছে।
ফার্মগেট এলাকা থেকে এসেছেন শাজাহান আলী। সঙ্গে স্ত্রী এবং দুই কন্যা। খাঁচা কাছে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে দেখছিলেন তারা। খুব হাসি খুশি মন নিয়ে তারা বললেন, খবরে জেনেছেন ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানায় আনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্যই তাঁরা এসেছেন। ছোট মেয়ে লাবনী বললো, ‘মোবাইলে যেমন দেখেছি, বাস্তবেও মহিষটি তেমন। ট্রাম্পের মতোই দেখতে লাগে ।’
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে এসেছেন নিয়ে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি দেখছিলেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ঈদ উপলক্ষে তাঁরা চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন। তাঁরা আগে থেকেই জানেন ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটিকে চিড়িয়াখানায় আনা হয়েছে। চিড়িয়াখানায় প্রবেশ করার পর মানুষের কাছে জিজ্ঞেস করে করে ডোনাল্ড ট্রাম্পকে বের করেছেন। তিনিও মনে করেন, ট্রাম্পের সঙ্গে অ্যালবিনো মহিষটির কিছুটা মিল আছে।
অ্যালবিনো মহিষটির খাঁচার সামনে একদল ট্যুরিস্ট পুলিশ সদস্যকেও পাওয়া গেল। সেখানে ছিলেন ঢাকা অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক বিষ্ণু ব্রত মল্লিক। তিনি গনমাধ্যমকে বলেন, ডোনাল্ড ট্রাম্প নামের মহিষের খাঁচার সামনে দর্শনার্থী যেহেতু বেশি, তাঁদের নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছে।
