ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সামগ্রী বিতরণ শুরু ডিএসসিসির

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সামগ্রী বিতরণ শুরু ডিএসসিসির

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সামগ্রী বিতরণ শুরু ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও পরিবেশসম্মত উপায়ে অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে নগরবাসীর মাঝে বর্জ্য ব্যবস্থাপনা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদুল আজহায় কোরবানির বর্জ্য সঠিকভাবে অপসারণ নিশ্চিত করতে নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, এবারের কর্মসূচির আওতায় নগরবাসীর মধ্যে ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল বা পচনশীল ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার এবং ১ হাজার ৫০ লিটার স্যাভলন বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, “নাগরিকদের অনুরোধ থাকবে, কোরবানির বর্জ্য নির্ধারিত ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রেখে দেবেন। ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করে নিয়ে যাবে।”

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় অসচেতনতার কারণে জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির বিষয়েও সতর্ক করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, কোনোভাবেই বর্জ্য ড্রেন, নর্দমা বা খোলা স্থানে ফেলা যাবে না। এতে পরিবেশ দূষণের পাশাপাশি রোগ-জীবাণুর বিস্তার ঘটতে পারে এবং বৃষ্টিপাত হলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, ঈদের দিন দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হবে। প্রথম দিনের কোরবানির বর্জ্য পরবর্তী ৮ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএসসিসি। এ কাজে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে ‘হৃদয়ে এলিফ্যান্ট রোড সোসাইটি’র প্রতিনিধিদের কাছে প্রতীকীভাবে বায়োডিগ্রেডেবল ব্যাগ, ব্লিচিং পাউডার ও স্যাভলন হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, নগরবাসী নিজ নিজ এলাকার ওয়ার্ড অফিস অথবা বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে নিয়োজিত প্রতিষ্ঠান ও পিসিএসপি (PCSP)-এর মাধ্যমে এসব বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার সংগ্রহ করতে পারবেন।

প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহায় রাজধানীতে বিপুল পরিমাণ পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং দ্রুত নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আগাম এই উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর পরিকল্পনাবিদদের মতে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও টেকসই হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে