ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শুধু মেয়েদের বয়স নিয়েই মাতামাতি কেন?: মালাইকা অরোরা

শুধু মেয়েদের বয়স নিয়েই মাতামাতি কেন?: মালাইকা অরোরা

বিনোদন ডেস্ক: তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে নিজের আবেদনময় উপস্থিতি, নাচ ও গ্ল্যামার দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন মালাইকা অরোরা। কখনো ‘ছঁইয়া ছঁইয়া’, কখনো ‘মুন্নি বদনাম’—প্রতিটি পারফরম্যান্সেই তিনি হয়ে উঠেছেন দর্শকপ্রিয় এক নাম। বয়স পঞ্চাশ পেরোলেও তাঁর জনপ্রিয়তা কিংবা সৌন্দর্যের আলোচনায় ভাটা পড়েনি। বরং সম্প্রতি মুক্তি পাওয়া ‘পয়জন বেবি’ আইটেম গানেও তাঁর উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।

৫২ বছর বয়সেও কীভাবে নিজেকে এতটা ফিট ও আকর্ষণীয় রাখেন—এমন প্রশ্ন প্রায়ই শুনতে হয় মালাইকাকে। সম্প্রতি ‘দ্য রাইট অ্যাঙ্গেল শো’-তে অংশ নিয়ে বয়স, সৌন্দর্য এবং নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, বয়স বাড়ার সঙ্গে সৌন্দর্য ও ফিটনেস নিয়ে মানুষের আগ্রহ বা মন্তব্য তাঁকে কখনো ভাবায় কি না। জবাবে মালাইকা বলেন, জীবনের একসময় তিনি বয়স নিয়ে ভেবেছেন, আবার এমন সময়ও এসেছে যখন এসব বিষয় তাঁকে একেবারেই প্রভাবিত করেনি।

তিনি বলেন,
“আমি এখন নিজের কাজটা উপভোগ করি। যেটা ভালো লাগে, সেটাই করি। আমার মনে হয়, জীবনের সবচেয়ে সুখী অধ্যায় এখনই উদ্‌যাপন করছি। এখনো অনেক কিছু করার আছে, অনেক স্বপ্ন বাকি। তাই বয়স নিয়ে মন্তব্য আমাকে আর খুব একটা নাড়া দেয় না।”

তবে শুধু ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি মালাইকা। তিনি তুলে ধরেছেন সমাজে নারী-পুরুষের প্রতি বয়সভিত্তিক বৈষম্যের বিষয়টিও। তাঁর অভিযোগ, নারীদের বয়স নিয়ে যেভাবে প্রশ্ন করা হয়, পুরুষদের ক্ষেত্রে তেমনটা প্রায় দেখা যায় না।

মালাইকার ভাষায়,
“এই প্রশ্নগুলো সব সময় নারীদেরই করা হয়। খুব কম পুরুষকে জিজ্ঞেস করা হয়—তুমি এখন কেমন অনুভব করছ, নিজেকে এখনো আকর্ষণীয় মনে হয় কি না। কিন্তু একজন নারীকে খুব সহজেই বলা হয়, তোমার জীবনের সেরা সময় তো পেরিয়ে গেছে। এখন এই বয়সে এসে কেমন লাগছে? আমি কখনো কোনো পুরুষকে এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে দেখিনি।”

সমাজের প্রচলিত সৌন্দর্য ধারণারও সমালোচনা করেন এই অভিনেত্রী। তাঁর মতে, শুধু বাহ্যিক সৌন্দর্যই একজন মানুষের পরিচয় হতে পারে না। মানসিক শক্তি, আবেগ, চিন্তা ও জীবনকে উপভোগ করার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন,
“পৃথিবী হয়তো বাহ্যিক সৌন্দর্যটাই আগে দেখে। কিন্তু আমার কাছে মানসিক ও আবেগিক দিকটাও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি, দিনটা কীভাবে কাটাতে চাই, কী করলে আমি ও আমার পরিবার গর্বিত হবে। শুধু আয়নায় নিজেকে দেখে সুন্দর লাগছে কি না, সেটা ভাবলেই তো জীবন পূর্ণ হয় না।”

দীর্ঘ ক্যারিয়ারে নানা সমালোচনা, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা ও বয়সভিত্তিক মন্তব্যের মুখোমুখি হলেও আত্মবিশ্বাস হারাননি মালাইকা। বরং বয়সকে তিনি দেখছেন অভিজ্ঞতা ও আত্মউপলব্ধির জায়গা থেকে। তাঁর বক্তব্যে স্পষ্ট, বয়স কেবল একটি সংখ্যা—মানুষের আত্মবিশ্বাস, মানসিক শক্তি ও জীবনের প্রতি ভালোবাসাই আসল পরিচয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে