সংবাদদাতা, ফরিদপুর:
ফরিদপুরে কদম দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করার ঘটনা ঘটেছে ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় ফরিদপুর সদর উপজেলার গদারডাঙ্গী খুশির বাজার এলাকায় ২৭ এপ্রিল সোমবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯ টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজগর আলী মোল্লার বাড়ির উঠানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় হারুন মোল্লার ছেলে মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮) হঠাৎ করে কোদাল দিয়ে চারজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অভিযুক্তের মা রাহেলা বেগম (৫০), ফুফু আমেনা বেগম (৭৫) ও প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন।
এ ঘটনায় প্রতিবেশী রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠনো হয়েছে।
