ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » সংক্ষিপ্ত সফরে ঢাকায় ফিফা সভাপতি: শিগগিরই বাংলাদেশ সফরের ইঙ্গিত

সংক্ষিপ্ত সফরে ঢাকায় ফিফা সভাপতি: শিগগিরই বাংলাদেশ সফরের ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক:

মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত দুই ঘণ্টার যাত্রাবিরতি করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর সেই অল্প সময়কে কাজে লাগিয়ে দেশের ফুটবলের নানা উন্নয়ন ও সার্বিক বিষয় নিয়ে ফিফা সভাপতির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদীসহ বাফুফের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

বাফুফে কর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত তবে অত্যন্ত ফলপ্রসূ এই বৈঠকের মাঝে বাংলাদেশের ফুটবলের নানা ইতিবাচক সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন ইনফান্তিনো। ভুটানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে ধারণ করা ২ মিনিটের এক বিশেষ ভিডিও বার্তায় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রশংসা করে ফুটবলের অগ্রগতির বিষয়গুলো তুলে ধরেন তিনি।

অদূর ভবিষ্যতেই পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসবেন বলে ঘোষণা দিয়ে ইনফান্তিনো বলেন, “বাফুফে সভাপতির সঙ্গে আমার অত্যন্ত চমৎকার ও সংক্ষিপ্ত কথা হয়েছে। বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়ে বেশ কিছু সুন্দর ও সম্ভাবনাময় প্রকল্পের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ট্রেনিং সেন্টার, ফুটবল একাডেমি নির্মাণ এবং বাংলাদেশের অগণিত ফুটবল সমর্থকদের নিয়ে বিশেষ কিছু উদ্যোগ। বাংলাদেশ যে ফুটবলপ্রেমীদের এক অনন্য দেশ, তা নির্দ্বিধায় বলতেই হয়। খুব শিগগিরই আমি বাংলাদেশে আসব এবং এ দেশের ফুটবলের সার্বিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখার চেষ্টা করব।”

বৈঠকে মূলত বাংলাদেশে ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা, ফিফার ভবিষ্যৎ সহযোগিতা, ইউরোপীয় দেশগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সুযোগ তৈরি, আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন, অব্যবহৃত ‘ফিফা ফরোয়ার্ড প্রোগ্রাম’-এর অর্থ ছাড়করণ এবং দেশের স্টেডিয়ামগুলোর সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফিফা সভাপতির সঙ্গে আলোচনার বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, চলমান প্রকল্পগুলোর কাজ পূর্ণাঙ্গভাবে শুরু হলেই ইনফান্তিনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরে আসবেন। তাবিথ বলেন, “আমরা মূলত আলোচনা করেছি, ভবিষ্যতে ফিফার সহযোগিতায় বাংলাদেশের ফুটবলকে কীভাবে আরও সামনে এগিয়ে নেওয়া যায়। ফিফা প্রেসিডেন্ট অত্যন্ত আগ্রহ নিয়ে জানতে চেয়েছেন, আসিয়ান কাপে আমাদের দলের অভিজ্ঞতা কেমন ছিল এবং এ ধরনের আরও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হলে বাংলাদেশ সেখানে নিয়মিত অংশ নেবে কিনা।”

এ ছাড়া ‘ফিফা ফরোয়ার্ড প্রোগ্রাম’-এর আওতায় বরাদ্দ করা অর্থের যেসব ফান্ড এখনও অব্যবহৃত বা বাকি রয়েছে, তা দ্রুত ছাড় করে দেশের ফুটবলে কাজে লাগানোর বিষয়েও ইনফান্তিনোর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে