নবপ্রকাশ ডেস্ক:
গাজীপুর মহানগরীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) জিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে জিএমপি সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অভিযান চালান। এ সময় মনির হোসেনের মুরগির স্যুটসের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জামালপুর সদর উপজেলার বাসিন্দা মো. মানিক মিয়া (৩১) এবং সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা করবেল মিয়া (২৯)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার মানিক মিয়ার বিরুদ্ধে দুটি দস্যুতার মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, তিনটি চুরির মামলা এবং দুটি জিডির তথ্য রয়েছে। অপরদিকে, করবেল মিয়ার বিরুদ্ধে তিনটি চুরির মামলা, একটি মাদক মামলা ও দুটি অন্যান্য ধারার মামলার তথ্য রয়েছে বলে জানানো হয়।
অভিযানটি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
-মোঃ আকরাম হোসেন
