নবপ্রকাশ ডেস্ক:
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিক্রির ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আগ্রহীরা ফরম সংগ্রহ করতে পারবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এতে আরও উল্লেখ করা হয়, দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের ১৬ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে হবে। পরবর্তীতে তা সঠিকভাবে পূরণ করে পরদিন শনিবার (১৭ অক্টোবর) একই স্থানে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
