নবপ্রকাশ ডেস্ক:
এসএসসি পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনর্নির্বাচনী পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়েছেন, অকৃতকার্য হওয়ার এই ধারাবাহিকতা বছরের পর বছর চলতে দেওয়া হবে না এবং শিক্ষার্থীদের বারবার পরীক্ষা দেওয়া কিংবা সময় অপচয়ের সুযোগ থাকবে না। যেসব শিক্ষার্থী সাধারণ শিক্ষায় এগিয়ে যেতে পারবে না, তাদের কারিগরি শিক্ষাব্যবস্থায় স্থানান্তর করা হবে।
মঙ্গলবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নতুন নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। কোনো শিক্ষার্থী যেন শিক্ষার দৌড় থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিষয়ে মন্ত্রী বলেন, “বর্তমানে দেশে নৈতিকতার মারাত্মক অবক্ষয় ঘটেছে এবং এ পরিস্থিতি থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে।” তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় সরকার বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর বাড়তি গুরুত্ব আরোপ করেছে। এর মাধ্যমে একটি নৈতিক ও সুশিক্ষিত নতুন প্রজন্ম গড়ে তোলার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলার প্রসারের পাশাপাশি ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ আয়োজন করা হচ্ছে, যা বিদ্যালয়গুলোতে পড়ালেখা ও ক্রীড়ার সমন্বয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলী সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ প্রামানিক এবং শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন নাহার বেবী।
ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা ‘খান একাডেমি’ আয়োজিত ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
